তিনি যখন ভারতীয় দলের কোচ হয়েছিলেন, তখন এক দিন ও টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কোচিংয়ের সময়েই নেতৃত্ব হারিয়েছেন রোহিত। টেস্ট থেকে অবসরও নিয়েছেন। রোহিতের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক ছিল, তা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
‘জিয়োস্টার’-এ দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, রোহিতকে আগে থেকেই তিনি চিনতেন। তাই আলাদা করে তাঁর সঙ্গে বোঝাপড়ার প্রয়োজন পড়েনি। গম্ভীর বলেন, “আমার মনে হয়, রোহিতের সঙ্গে আমার কোচ-অধিনায়কের সম্পর্ক ছিল না। রোহিত যখন দলে এসেছিল, তখন আমি সিনিয়র ক্রিকেটার। রোহিতের সঙ্গে হোটেলের এক ঘরে থেকেছি। তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক। রোহিত তখন থেকেই আমাকে চেনে। এমন নয় যে, আমাদের বোঝাপড়া তৈরি করতে হয়েছে বা আমি বিদেশ থেকে আসা কোনও কোচ, যে রোহিতের খেলা দেখেনি। আমি জানি রোহিত কেমন খেলোয়াড়। আমি জানি ও কেমন মানুষ।”
গম্ভীরের মতে, আগে থেকেই বোঝাপড়া থাকায় তাঁদের কাজ করতে সুবিধাই হয়েছিল। রোহিত কী চাইছেন, সেটা তিনি বুঝতে পারতেন। গম্ভীর বলেন, “যখন আপনি কারও সঙ্গে খেলেছেন, তখন আপনি জানেন তার ভাবনা কী। আমি জানতাম, ও কী ভাবছে। ও জানত, আমি কী ভাবছি। হতে পারে ও আর আমি আলাদা কিছু ভাবছি। কিন্তু পুরোটাই দলের স্বার্থে। যাতে দলের ভাল হয়, সেটাই সব সময় ভেবেছি।”
গম্ভীর কোচ হয়ে আসার পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন সূর্যকুমার যাদব। পরে তাঁকে সরিয়ে অধিনায়ক করা হয় শ্রেয়স আয়ারকে। রোহিতের বদলে ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক হন শুভমন গিল। অর্থাৎ, চার অধিনায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন গম্ভীর।
আরও পড়ুন:
ভারতীয় দলের কোচ বলেন, “আমি সব সময় বলে আসছি, যে চার অধিনায়কের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকে নিজের দিক থেকে সেরা। প্রত্যেকের সঙ্গে আমার অভিজ্ঞতা বিনিময় হয়েছে। আমি জানি, প্রত্যেকেই সব সময় ভারতীয় ক্রিকেটের উন্নতি চেয়ে এসেছে। সাফল্যের জন্য নিজের সেরাটা দিয়েছে।”
ইংল্যান্ড সিরিজ়ের মাঝে জানা গিয়েছিল, রোহিতকে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের জন্য ভাবছেন না অজিত আগরকরেরা। তাতে গম্ভীরের সায় ছিল বলে খবর। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে, এখনই রোহিতকে সরানো হবে না। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলেও রয়েছেন তিনি। তার মাঝেই রোহিতকে নিয়ে মুখ খুললেন গম্ভীর।