Advertisement
E-Paper

বৈভবকে কেন খেলাচ্ছেন না গম্ভীর? অবশেষে খোলসা করলেন ভারতের প্রধান কোচ

গৌতম গম্ভীরের মতে, সমাজমাধ্যম ঠিক করে দেবে না যে, প্রথম একাদশে কারা খেলবেন। সেই সিদ্ধান্ত নেবেন কোচ ও অধিনায়ক। পরিস্থিতি ও প্রতিপক্ষ দেখে সিদ্ধান্ত নেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১৩:৫১
cricket

গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

এশিয়ান গেমসে ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। তার মানেই যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও সে খেলবে, তার নিশ্চয়তা নেই। কোচ গৌতম গম্ভীরের কথা থেকে স্পষ্ট, আপাতত দলে বদলের কথা ভাবছেন না তিনি। কেন বৈভবকে খেলাচ্ছেন না, সেই জবাব দিয়েছেন গম্ভীর।

মঙ্গলবার থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ় শুরু। তার আগে ‘জিয়োস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “বৈভব ভাল ফর্মে রয়েছে। কিন্তু ওকে বুঝিয়েছি, ভাল ফর্মে থাকার মানে এই নয় যে প্রথমে একাদশে সুযোগ পাবে। যারা দীর্ঘ দিন ধরে ভাল খেলছে, তাদের জন্য অপেক্ষা করতে হবে। এই অভিজ্ঞতা আমার কাছেও নতুন।”

গম্ভীরের মতে, সমাজমাধ্যম ঠিক করে দেবে না যে, প্রথম একাদশে কারা খেলবেন। সেই সিদ্ধান্ত নেবেন কোচ ও অধিনায়ক। গম্ভীর বলেন, “সবটাই নির্ভর করে কোচ ও অধিনায়কের উপর। তারা কাদের সেরা একাদশ মনে করে, বা কারা দলকে জেতাতে পারবে মনে করে, সেই অনুযায়ী দল সাজায়। কারা দীর্ঘ দিন ভাল খেলছে সেটাও দেখা হয়। বৈভবকে খেলানোর মানে সঞ্জু বা অভিষেকের মধ্যে একজনকে বাদ দিতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।”

ইচ্ছা করলেই যে দল বদলে ফেলা যায় না, সেই কথাও শোনা গিয়েছে গম্ভীরের মুখে। ভারতীয় দলের প্রধান কোচ বলেন, “গত এক দেড় বছর ধরে যে দল এত ভাল খেলেছে, চাইলেই তা বদলে ফেলতে পারি না। তিন-চারটে ম্যাচে রান না পেলেই কাউকে বসিয়ে দেওয়া যায় না। আমরা জানি কার কী ক্ষমতা। তাই কখনও সুযোগের অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাটাই বৈভব করছে।”

ইংল্যান্ড সফরে সঞ্জুর বদলে বৈভবকে খেলিয়েছিলেন গম্ভীর। তিনি জানিয়েছেন, সেই সিদ্ধান্ত তাঁর কোচিং কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। গম্ভীর বলেন, “আমার দু’বছরের কোচিং কেরিয়ারে ওই একটা রাতেই আমি ঘুমোতে পারিনি। সঞ্জুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। তার আগেই ও বিশ্বকাপ জিতিয়েছিল আমাদের। বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে তিন-চারটে ম্যাচ বাদ দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু বৈভব যে ফর্মে ছিল, তাতে ওকে সুযোগ দিতেই হত।” তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অভিষেকের সঙ্গে যে সঞ্জুই খেলবেন, তা গম্ভীরের কথা থেকে স্পষ্ট।

Gautam Gambhir Vaibhav Sooryavanshi India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy