২৪ ঘণ্টা আগেই জানা গিয়েছিল, পুরো সুস্থ হয়ে উঠেছেন হার্দিক পাণ্ড্য। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলবেন তিনি। ২৪ ঘণ্টা পরেই ছবিটা বদলে গেল। আবার চোট পেয়েছেন হার্দিক। ফলে আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন না তিনি।
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, আবার পায়ে চোট পেয়েছেন হার্দিক। ফলে সুস্থ হতে আরও সময় লাগবে তাঁর। আপাতত বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) রয়েছেন হার্দিক। সেখানেই সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে আফগানিস্তান সিরিজ়ে তাঁকে পাওয়ায় সম্ভাবনা নেই।
বোর্ডের এক সূত্র জানিয়েছে, হার্দিক পুরো দমে অনুশীলন করেছিলেন। বল করাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ তাঁর পায়ে আবার চোট লাগে। ফলে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাট করতে বা হাঁটাচলা করতে খুব একটা সমস্যা হচ্ছে না তাঁর। কিন্তু দৌড়াতে সমস্যা হচ্ছে। তাই হার্দিককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
আরও পড়ুন:
মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন হার্দিক। পরে আইপিএল চলাকালীন চোট পান। আইপিএল শেষ হওয়ার পর থেকে আর মাঠে দেখা যায়নি তাঁকে। সামনে এশিয়ান গেমস রয়েছে। সেখানে হার্দিকের খেলার সম্ভাবনাও কম।
আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের বিশ্বকাপ রয়েছে। সেখানে হার্দিককে প্রয়োজন পড়বে। দক্ষিণ আফ্রিকায় তাঁর বোলিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই কারণে পুরো সুস্থ হওয়ার পরেই হার্দিককে জাতীয় দলে ফেরাতে চাইছে বোর্ড। কিন্তু হার্দিকের এই চোট চিন্তা বাড়িয়ে দিচ্ছে কোচ গৌতম গম্ভীরের।