Advertisement
E-Paper

সৌরভের পথে রোহিত! চলতি মাসেই টিভিতে শুরু নতুন শো, তবে কি ক্রিকেটকে এবার পাকাপাকি বিদায় বিশ্বজয়ী নেতার

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। ২০২৭ সালের বিশ্বকাপ খেলা তাঁর লক্ষ্য। কিন্তু তত দিন যে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন তা নিশ্চিত নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮
cricket

সৌরভ গঙ্গোপাধ্যায় (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এবার নতুন ভূমিকায় দেখা যাবে রোহিত শর্মাকে। টেলিভিশনের পর্দায় নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। সোনি পিকচার্স নেটওয়ার্কস জানিয়েছে, তাদের নতুন শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’ নিয়ে আসছে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ককে।

সোনি জানিয়েছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। ১৯ সেপ্টেম্বর টেলিভিশনের পর্দায় শুরু হবে রোহিতের নতুন শো। তবে সেই শো কী নিয়ে বা তার ফরম্যাট কী হবে, তা নিয়ে কিছু জানায়নি তারা।

ক্রিকেটারদের টেলিভিশনের দুনিয়ায় আসা নতুন নয়। ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই কাজ আগেই করেছেন। ক্রিকেট থেকে অবসরের পর ‘দাদাগিরি’ নামের একটি অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি। সম্প্রতি ‘বিগ বস্‌ বাংলা’-র সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সৌরভের পথেই এবার এগোলেন রোহিত।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলা তাঁর লক্ষ্য। কিন্তু তত দিন যে তিনি খেলা চালিয়ে যেতে পারবেন তা নিশ্চিত নয়। সেই কারণেই কি টেলিভিশনে পা রাখলেন রোহিত? তবে কি এবার এক দিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি? রোহিতকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

চলতি বছর জুলাইয়ে ইংল্যান্ডে শেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। লর্ডসে শেষ ম্যাচে শতরান করে বুঝিয়ে দিয়েছেন, এখনও ব্যাটে মরচে ধরেনি তাঁর। ২৮৮ এক দিনের ম্যাচে ৪৮.৯৫ গড় ও ৯৩.০৪ স্ট্রাইক রেটে ১১,৮৯৫ রান করেছেন রোহিত। ৩৪টি শতরান ও ৬২টি অর্ধশতরান রয়েছে তাঁর। করেছেন তিনটি দ্বিশতরান। সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির পর এক দিনের ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বাধিক রানের মালিক রোহিত। সেই ক্রিকেটারকেই এবার দেখা যাবে নতুন ভূমিকায়।

Rohit Sharma India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy