Advertisement
E-Paper

ঘরেই সময় কাটান, ক্যামেরার ঝলকানি আর ভাল লাগে না পৃথ্বীর! ‘ক্রিকেট ও পরিবার, এর বাইরে কিছু ভাবি না’

মাত্র ২৬ বছর বয়সে এত কিছু দেখে ফেলেছেন পৃথ্বী শ। বিশৃঙ্খল জীবন বাড়িয়ে দিয়েছে ওজন। ছিল না ফিটনেস। পাশাপাশি ব্যক্তিগত জীবনে একের পর এক বিতর্ক। সে সব কাটিয়ে পৃথ্বী এখন অন্য মানুষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২১:৩২
cricket

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

বদলে গিয়েছেন তিনি। আর সময় পেলেই পার্টি করতে ছোটেন না। বন্ধুদের সঙ্গে মেতে থাকেন না। বিশৃঙ্খলতা বিদায় নিয়েছে। বদলে জীবনে এসেছে নিয়মানুবর্তিতা। মাঠে যান। অনুশীলন করেন। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন। বাকি সময় পরিবারের সঙ্গে কাটান। ২৬ বছর বয়সে ভারতীয় ক্রিকেটের মানচিত্র থেকে হারিয়ে যাওয়া পৃথ্বী শ এখনও ফেরার স্বপ্ন দেখেন।

মুম্বইয়ে সুযোগ না পেয়ে ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে খেলছেন। এ বারের রঞ্জির প্রথম ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় না থাকায় অধিনায়কত্বও করেছেন। সার্ভিসেসকে হারিয়ে শুরু করেছেন রঞ্জি অভিযান। তাঁর অধিনায়কত্ব নজর কেড়েছে। পাশাপাশি প্রথম ইনিংসে ৭০ রানও এসেছে তাঁর ব্যাট থেকে।

খেলা শেষে ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের বদলের কথা জানিয়েছেন পৃথ্বী। তিনি বলেন, “আগের থেকে অনেক বেশি পরিশ্রম করছি। সমাজমাধ্যম ছেড়ে দিয়েছিল। শুধু ক্রিকেট আর পরিবার নিয়ে আছি। বাকি কিছুর গুরুত্ব নেই আমার কাছে।”

ছোটবেলা থেকে ক্যামেরার ঝলকানি তাঁর চারপাশে। মাত্র ১৪ বছর বয়সে হ্যারিশ শিল্ডে এক ইনিংসে ৫৪৬ রান করেছিলেন। সেই শুরু। তার পর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। ছোটদের বিশ্বকাপও জিতিয়েছেন। তার পরেই অভিষেক হয়েছিল ভারতের টেস্ট দলে। প্রথম ইনিংসেই শতরান। কিন্তু সে সব এখন অতীত। ২০২১ সালের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি। আইপিএলেও সুযোগ পান না। এ দিকে তাঁর অধিনায়কত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা শুভমন গিল এখন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার।

মাত্র ২৬ বছর বয়সে এত কিছু দেখে ফেলেছেন পৃথ্বী। বিশৃঙ্খল জীবন বাড়িয়ে দিয়েছে ওজন। ছিল না ফিটনেস। পাশাপাশি ব্যক্তিগত জীবনে একের পর এক বিতর্ক। সে সব কাটিয়ে পৃথ্বী এখন অন্য মানুষ। তিনি বলেন, “খুব একটা বাইরে যাই না। সারা ক্ষণ ক্যামেরার সামনে থাকতে ভাল লাগে না। খেলা না থাকলে বাড়িতেই থাকি। নিজের মধ্যে থাকি। জীবনে আর আশপাশে ক্যামেরা দেখতে চাই না।”

খেলা চলাকালীনও হোটেলের ঘর থেকে বার হন না পৃথ্বী। কী করেন তিনি? জবাব, “প্লে-স্টেশন খেলি। নেটফ্লিক্সে সিরিজ় বা সিনেমা দেখি। নিজের মধ্যেই থাকি। কখনও পরিবারের সঙ্গে নৈশভোজ করতে হয়তো বাইরে বেরোই। এটাই ভাল লাগছে। উপভোগ করছি।”

২১ বছর বয়সে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন পৃথ্বী। যে সময় সকলে কেরিয়ার শুরু করেন, সেই বয়সে পৃথ্বীর কেরিয়ার থেমে গিয়েছে। এক সময় তাঁর নিজেরও মনে হত, আর হয়তো ফিরতে পারবেন না। ঠিক সেই সময় তাঁকে একটি চিঠি পাঠান গ্রেগ চ্যাপেল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে চ্যাপেল ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম। খানিক কুখ্যাতও বটে। অস্ট্রেলিয়ার সেই প্রাক্তন ক্রিকেটার পৃথ্বীর জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছেন।

২০২৪ সালে চিঠিতে চ্যাপেল লিখেছিলেন, “অতীত নিয়ে কেউ ভাববে না। এখন, এই মুহূর্ত থেকে তুমি কী করছ, সেটা দেখেই জগত তোমাকে মনে রাখবে পৃথ্বী।” দু’বছর পর পৃথ্বীর মুখে সেই কথাই শোনা গেল। তিনি বলেন, “বাইরে থেকে কে কী বলল, সে সব আমি আর ভাবি না। আমার পরিবার কী ভাবছে, সেটাই আমার কাছে আসল। আমি তো নিজেকে চিনি। হয়তো অনেক ভুল করেছি। জীবনে কেউ তো সব ঠিক করে না। সবার জীবনেই উত্থান-পতন থাকে। আমারও পতন হয়েছিল। এ বার উত্থানের সময়।”

২৬ বছর বয়সে কেরিয়ার শেষ হোক, চান না পৃথ্বী। তিনি শুধু সামনের দিকে তাকাতে চান। বলেন, “২৬ বছর কোনও বয়স হল? এখনও আমি তরুণ। ৫০-৬০টা রঞ্জি ম্যাচ খেলে ফেলেছি তো কী হয়েছে? এখনও মাঠে নেমে ১০০ শতাংশ দেব। এখনও ফেরার সুযোগ আছে আমার। সেটাই করছি। শুধু সামনের দিকে তাকাচ্ছি।”

সার্ভিসেসকে হারিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেই নিজের গাড়ির দিকে দৌড়ান পৃথ্বী। টিমবাস থাকলেও ব্যক্তিগত গাড়িতে মাঠে এসেছিলেন। সেই গাড়ি করেই সোজা হোটেলের ঘরে। এ বার সামনের ম্যাচের প্রস্তুতি। অন্য কোনও দিকে মাথা ঘামাতে চান না। ২৬ বছর বয়সে আবার নতুন করে শুরু করেছেন পৃথ্বী। ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা কামব্যাকের লড়াই চালাচ্ছেন তিনি।

Prithvi Shaw India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy