টেস্ট ম্যাচের মাঝে চিন্তায় রাতে ঘুম আসত না রোহিত শর্মার। রাতের পর রাত জেগে কাটাতেন তিনি। সেই সময় মন হালকা রাখার জন্য বিশেষ এক খাবারের শরণাপন্ন হতেন তিনি। রোহিত নিজেই সেই কথা জানিয়েছেন। মায়ের হাতের খাবার তাঁকে হালকা রাখত।
নিজের অনুষ্ঠান ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে সেই কাহিনি জানিয়েছেন রোহিত। তিনি বলেন, “মিথ্যা কথা বলব না। টেস্ট ম্যাচের মধ্যে খুব চিন্তা হত। চাপ লাগত। কারণ, টেস্ট ম্যাচে আমার সবচেয়ে পছন্দের ফরম্যাট। বাকি সব ফরম্যাটও ভাল। কিন্তু টেস্টে চ্যালেঞ্জ অনেক বেশি।”
হোটেলের ঘরে রাতে জেগে থাকায় খিদে পেত রোহিতের। তিনি বলেন, “রাতে জেগে থাকলে খিদে তো পাবেই। মনে হবে কিছু একটা খাই। তাই মায়ের হাতে তৈরি কলার চিপস আমি সব সময় সঙ্গে রাখতাম। ওটা আমার সবচেয়ে প্রিয় খাবার। খেলেই মন ভাল হয়ে যেত। মন হালকা থাকত।”
আরও পড়ুন:
মায়ের হাতের সেই খাবারের কী বিশেষত্ব ছিল, তা-ও জানিয়েছেন রোহিত। তিনি বলেন, “চিপসগুলো মা ভাজত না। মায়ের ওই খাবারটা বানানোর পদ্ধতি খুব অদ্ভুত ছিল। অনেক দিন মুড়মুড়ে থাকত। তাই আমি খেলতে গেলে সব সময় কলার চিপস নিয়ে যেতাম। মনে হলেই খেতাম।”
২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন রোহিত। ৪০.৫৭ গড়ে রান করেছেন তিনি। রোহিতের ব্যাট থেকে ১২ শতরান ও ১৮ অর্ধশতরান এসেছে। সর্বাধিক রান ২১২। ২০২৪ সালে দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকামের পরেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত। তার আগে টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়িয়েছিলেন। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন তিনি। এই মাসেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে আবার মাঠে দেখা যাবে রোহিতকে।