Advertisement
E-Paper

৩ ঘণ্টায় হাজার বল খেলেছি! দলে ফেরার লড়াই শুরু সূর্যের, আগরকর-গম্ভীরকে বার্তা ভারতের বিশ্বজয়ী অধিনায়কের

ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর আবার ফেরার লড়াই শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদব। পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৪:৩৪
cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

হাল ছাড়ছেন না সূর্যকুমার যাদব। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেই তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে দল থেকেও। আবার দলে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন সূর্যকুমার। পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি।

মুম্বইয়ে বাসু পরাঞ্জপে ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন সূর্য। সমাজমাধ্যমে নিজের অনুশীলনের একটি ভিডিয়ো দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ট্র্যাকে দৌড়াচ্ছেন সূর্য। পাশাপাশি নেটে ব্যাট করছেন। ক্যাপশনে তিনি লেখেন, “রবিবার খুব মজা হল। দৌড়ালাম। তিন ঘণ্টায় হাজার বল খেললাম। খুব ভাল লাগছে।”

সূর্যকে বাদ দেওয়ার নেপথ্যে সবচেয়ে বড় কারণ তাঁর ব্যাটিং ফর্ম। গত দু’বছর ব্যাট হাতে রান ছিল না। তাই জায়গা হারিয়েছেন। সেই কারণেই ব্যাটিংয়ের উপর বেশি জোর দিচ্ছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রান করে আবার নির্বাচক প্রধান অজিত আগরকর ও প্রধান কোচ গৌতম গম্ভীরের চোখে পড়তে চাইছেন। এই ভিডিয়োয় কি নির্বাচক প্রধান-কোচকে সেই বার্তাই দিলেন তিনি?

সূর্যকে সরিয়ে আগরকর জানিয়েছিলেন, কঠিন হলেও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। বোর্ডের নির্বাচক প্রধান বলেছিলেন, “এই বছরই বিশ্বকাপ জেতার পর সূর্যকে সরানোর সিদ্ধান্ত খুব কঠিন ছিল। কিন্তু বেশির ভাগ বিশ্বকাপের পরেই এটা হয়। আমাদের দেখতে হয়, আগামী দিনে কে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতলেও সূর্যের ব্যাটিং ফর্ম ভাল ছিল না। তবে সেটিই একমাত্র কারণ নয় বলে জানিয়েছিলেন আগরকর। তিনি বলেছিলেন, “ওর ফর্ম একটা কারণ অবশ্যই। কিন্তু ওটাই একমাত্র কারণ নয়। আমাদের পরের দু’বছরের দিকে তাকাতে হয়েছে। আমাদের মনে হয়েছে এটাই সেরা সময়। শ্রেয়স আয়ার অধিনায়ক হওয়ার যোগ্য। তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। তখন অধিনায়ক করা হয়েছিল সূর্যকে। কিন্তু সূর্য তো অবসর নেননি। তবে তাঁকে যখন একটি দলেও নেওয়া হয়নি, তখন জল্পনা শুরু হয়েছে, ভারতীয় দলে সূর্যকে দেখতে পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে খুব কম। আগরকর জানিয়েছিলেন, তাঁরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেছিলেন, “কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আর পিছনের দিকে তাকাতে পারব না। সামনের দিকে তাকাতে হবে। নতুন অধিনায়ক দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমার মতে, আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি।”

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সূর্য জানিয়েছিলেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৮ সালে অলিম্পিক্সে সোনা জেতা ও সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। কিন্তু এর পর তিনি আর ভারতীয় দলে সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু তিনি যে লড়াই ছাড়ছেন না, তা তাঁর এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।

Suryakumar Yadav India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy