Advertisement
E-Paper

শ্রীলঙ্কার জেলেই বন্দি শুভমনের সতীর্থ! ম্যাচ গড়াপেটার মামলায় জামিন খারিজ ভারতের বিশ্বজয়ী ক্রিকেটারের

লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে মনজ্যোৎ কালরার বিরুদ্ধে। সেই অভিযোগে শ্রীলঙ্কার জেলে বন্দি তিনি। কালরার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৩:১৭
cricket

মনজ্যোৎ কালরা। ছবি: এক্স।

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মনজ্যোৎ কালরার সমস্যা আরও বাড়ল। লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে কালরার বিরুদ্ধে। সেই অভিযোগে শ্রীলঙ্কার জেলে বন্দি তিনি। কালরার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।

কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেটের কাছে জামিনের আবেদন করেছিলেন কালরা ও তাঁর সহকারী যুবরাজ পুষ্পা। তাঁদের আইনজীবী জানিয়েছিলেন, দু’জনেরই শরীর খারাপ। তাই মানবিকতার দিক থেকে তাঁদের জামিন দেওয়া উচিত। সেই আবেদনের বিরোধিতা করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল। সেই দাবি মেনে দু’জনকে ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন চিফ ম্যাজিস্ট্রেট।

লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাফনা কিংসের অন্যতম মালিক কালরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য নিজের দলের ক্রিকেটারকে টাকা দিতে গিয়েছিলেন তিনি। কালরার বিরুদ্ধে অভিযোগ করেন শ্রীলঙ্কার জাতীয় দলের তিন ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ, আবিষ্কা ফের্নান্দো ও দুনিথ ওয়েল্লালাগে। তা ছাড়া আরও দুই ঘরোয়া ক্রিকেটারও কালরার বিরুদ্ধে মুখ খুলেছেন।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। পৃথ্বী শ’য়ের নেতৃত্বে যে দল চ্যাম্পিয়ন হয় সেই দলের ওপেনার ছিলেন কালরা। পৃথ্বীর সঙ্গে তিনি ওপেন করতেন। তিন নম্বরে নামতেন শুভমন গিল। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১০১ রান করে দলকে জিতিয়েছিলেন কালরা।

কিন্তু পরে ক্রিকেটে নিজের জায়গা ধরে রাখতে পারেননি কালরা। ক্রিকেটে ভবিষ্যৎ গড়তে না পেরে ‘স্পোর্টস কমিউন’ নামের একটি সংস্থা তৈরি করেন। সেই সংস্থা জাফনা কিংসের অন্যতম মালিক ছিল। কিন্তু ম্যাচ গড়াপেটায় নাম জড়ানোর পর সেই সংস্থার সঙ্গে সব চুক্তি ছিন্ন করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে কালরার সমস্যা বেড়েই চলেছে।

Indian cricketer Lanka Premier League

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy