অধিনায়কের ভরসা রাখতে পারেনি বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সিরিজ়ে সুযোগ পেলেও রান করতে পারেনি সে। সিরিজ়ের শেষ ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার থেকে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। বৈভবের উপর কি আস্থা ফিরেছে শ্রেয়স আয়ারের? ম্যাচের আগে বৈভবকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক।
শ্রেয়স মনে করেন, ইংল্যান্ড সিরিজ়ে যে যে জায়গায় সমস্যা হচ্ছিল, তার সমাধান বার করতে পেরেছে বৈভব। সেটা এই সিরিজ়ে বোঝা যাবে। শ্রেয়স বলেন, “আমি নিশ্চিত ও অনুশীলন করেছে। দুটো সিরিজ়ের মাঝে সময় ছিল। সেই সময়টা ও কাজে লাগিয়েছে। যেখানে ওর সমস্যা হচ্ছিল, তা মিটিয়েছে। তাই আমার মনে হয়, ওকে পরামর্শ দেওয়ার কিছু নেই।”
ইংল্যান্ডে রান না পেলেও জ়িম্বাবোয়েতে বৈভবকে ভয়ডরহীন ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছেন শ্রেয়স। তিনি বলেন, “আমার মনে হয় না, ওর এখন ব্যর্থতা নিয়ে বেশি কিছু ভাবা উচিত। কারণ, ব্যর্থতার কথা মাথায় এলেই স্বাভাবিক খেলা ভুলে যাবে। তার বদলে বাঁচার চেষ্টা করবে। সেটা করতে গেলে সেরাটা বেরিয়ে আসবে না। আমার মতে, নিজের স্বাভাবিক খেলা ওর খেলা উচিত।”
আরও পড়ুন:
বৈভব নিজেও জানিয়েছে, ব্যর্থতার কথা মাথায় না রেখে স্বাভাবিক খেলা সে খেলতে চায়। বিসিসিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৫ বছরের ক্রিকেটার বলেছে, “গত কয়েক মাসে অনেক উত্থান-পতন হয়েছে। এটা ক্রিকেটের অঙ্গ। এই ধরনের ঘটনা ঘটবেই। কিন্তু নিজের স্বাভাবিক খেলাই খেলব। ১০০ শতাংশ দেব।”
ইংল্যান্ড সিরিজ়ে সব ম্যাচে সুযোগ না পেলেও তার উপর দলের পুরো ভরসা রয়েছে বলেই মনে করে বৈভব। সে বলেছে, “কোচ ও বড়রা আমাকে অনেক সাহায্য করেছেন। কোথায় সমস্যা হচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে। অনুশীলন করেছি। আত্মবিশ্বাস একটুও কমেনি। আশা করছি, জ়িম্বাবোয়েতে ভাল খেলব।”