২০১১ সালের পর এক দিনের বিশ্বকাপ জিততে পারেনি ভারত। ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। আগামী ২০২৭ সালের বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় ক্রিকেটারেরা। ব্যাটার রিঙ্কু সিংহের আশা, বিরাট কোহলি এবং রোহিত শর্মাই ভারতকে তৃতীয় বার এক দিনের ক্রিকেট বিশ্বকাপ এনে দেবেন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রিঙ্কু এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘বিরাট ভাই এবং রোহিত ভাই কিংবদন্তি। শুধু আমি নই। গোটা দেশ চায় ওরা আগামী একদিনের বিশ্বকাপ খেলুক এবং জিতুক। ওদের বিশ্বকাপ জয়ের মুহূর্তটা গোটা দেশের জন্য দুর্দান্ত হবে।’’ রিঙ্কু আরও বলেছেন, ‘‘এটাই সম্ভবত ওদের শেষ বিশ্বকাপ। ভারতের জন্য বিশ্বকাপ জিতে শেষ করার থেকে ভাল আর কী হতে পারে? তা ছাড়া আমরা অনেক দিন এক দিনের বিশ্বকাপ জিততে পারিনি। ২০১১ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছি আমরা। আশা করব ওরা দু’জনেই বিশ্বকাপের দলে থাকবে এবং ট্রফি জিতবে।’’
রিঙ্কু নিজে অবশ্য ভারতের এক দিনের দলে জায়গা এখনও পাকা করতে পারেননি। দেশের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এক দিনের ম্যাচ খেলেছেন দু’টি। তবু দেশের হয়ে এক দিনের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার বলেছেন, ‘‘লোকে এখনও আমাকে মনে রেখেছেন আইপিএলের এক ওভারে পাঁচটা ছক্কা মারার জন্য। তবে আমার মাথায় বিশ্বকাপ ঘুরছে। দেশের জন্য আমিও বিশ্বকাপ জিততে চাই। বিশ্বকাপ দলের অংশ হতে চাই। ব্যাট হাতে ভারতের বিশ্বজয়ে অবদান রাখতে চাই। আমি চাই মানুষ আমাকে মনে রাখুক ভারতের বিশ্বজয়ী দলের সদস্য হিসাবে। ওই পাঁচটা ছক্কার জন্য নয়।’’
কোহলি এবং রোহিতের সঙ্গে বিশ্বকাপ জিততে চান রিঙ্কু। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না দুই সিনিয়র ক্রিকেটার। কারণ, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই তাঁরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন। তাই তাঁদের সঙ্গে এক দিনের বিশ্বকাপ জেতার আশা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন রিঙ্কু।