২০২৫-এর আইপিএল মহানিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছিলেন তিনি। কিন্তু পরের দু’বছর প্রত্যাশিত সাফল্য দিতে পারেননি ভারতের উইকেটকিপার। বাধ্য হয়ে তাঁকে দিল্লি ক্যাপিটালসে ১৫ কোটি টাকায় বিক্রি করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেই দলের মালিক তথা কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা জানালেন, পন্থের সঙ্গে নৈশভোজে যেতে চান তিনি।
পন্থকে কেনার পরেই তাঁকে অধিনায়ক করে দিয়েছিল লখনউ। কিন্তু দায়িত্ব নিয়ে কোনও বারই দলকে প্লে-অফে তুলতে পারেননি পন্থ। গত বারের মরসুমের পরেই পন্থকে দিল্লিতে বিক্রি করে দেয় লখনউ। বদলে কুলদীপ যাদবকে নিয়েছে তারা।
গোয়েন্কা জানিয়েছেন, পন্থ অন্য দলে গেলেও তাঁর সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি তাঁর। এখনও সম্পর্ক ভালই আছে। একটি পডকাস্টে গোয়েন্কাকে প্রশ্ন করা হয়েছিল যে অন্য দলে যাওয়ার আগে পন্থের সঙ্গে তাঁর কী কথাবার্তা হয়েছে। গোয়েন্কার জবাব, “শেষ বার ওর সঙ্গে কথাবার্তার সময় শুধু দলবদল নিয়ে আলোচনা হয়নি। আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে।”
ঠিক কী কথা হয়েছিল তা জানতে চাওয়া হয়েছিল গোয়েন্কার কাছে। তিনি সরাসরি উত্তর দেননি। বলেছেন, “ওর জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করি ভবিষ্যতে ওর সঙ্গে এক বার নৈশভোজে যাব।”
আরও পড়ুন:
-
মালিকের মতো আচরণ করছেন দ্রাবিড়! ভারতের প্রাক্তন ক্রিকেটারের অচেনা দিক নিয়ে মুখ খুললেন ইউরোপের দলের কোচ
-
সচিন, রাহানে-সহ তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করবে মুম্বইয়ের ক্রিকেট সংস্থা, পরিকাঠামো উন্নয়নেও গুরুত্ব
-
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে নতুন সহ- অধিনায়ক পাচ্ছে ভারত, সাদা বলের দলে ফিরতে পারেন পন্থ, নির্বাচকদের চিন্তা চোট নিয়ে
গত মরসুমে পন্থ ১৪ ম্যাচে ৩১২ রান করেছিলেন। মাত্র একটি অর্ধশতরান ছিল নামের পাশে। স্ট্রাইক রেটও আহামরি ছিল না। তাঁর নেতৃত্ব এবং খেলা নিয়ে বার বার সমালোচনা হয়েছে। লখনউ মাত্র চারটি ম্যাচে জিতেছিল। পয়েন্ট তালিকায় শেষ করেছে সবার শেষে। মরসুম শেষ হওয়ার পরেই নেতৃত্ব থেকে ইস্তফা দেন পন্থ। এর পর দলবদল করেন। দিল্লিতেও তাঁরই নেতৃত্ব দেওয়ার কথা। পুরনো দলেই ফিরে গিয়েছেন তিনি।