Advertisement
E-Paper

মেয়েদের ক্রিকেটে অনয়া কেন? অস্ট্রেলিয়া বোর্ডের উপর ক্ষুব্ধ সাউথ আফ্রিকার কাপ, পাল্টা দিলেন সঞ্জয়-তনয়াও

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় খেলার অনুমতি দেওয়া হয়েছে ভারতের অনয়া বঙ্গারকে। ক্ষুব্ধ সাউথ আফ্রিকার ক্রিকেটার মারিজ়েন কাপ। তাঁর মন্তব্যের পাল্টাও দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বঙ্গারের কন্যা অনয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ২০:৪১
cricket

অনয়া বঙ্গার। — ফাইল চিত্র।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সে দেশের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় খেলার অনুমতি দেওয়া হবে ভারতের অনয়া বঙ্গারকে। রূপান্তরিত এই ক্রিকেটারকে সুযোগ দেওয়ায় অস্ট্রেলিয়ার প্রতি ক্ষুব্ধ সাউথ আফ্রিকার ক্রিকেটার মারিজ়েন কাপ। তাঁর মন্তব্যের পাল্টাও দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বঙ্গারের কন্যা অনয়া।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে অনয়াকে খেলার অনুমতি দেওয়া একটি প্রতিবেদনের ছবি উল্লেখ করে সমাজমাধ্যমে স্টোরি দিয়েছেন কাপ। সঙ্গে লিখেছেন, “পুরোপুরি হাস্যকর সিদ্ধান্ত। কোনও মতেই এই জিনিস চলতে দেওয়া উচিত নয়।”

শুক্রবার বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে অনয়া বলেছেন, “যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে গলা চড়িয়ে কথা বলছে, তাদের উচিত এই বিষয়টা নিয়ে ভাল করে পড়াশোনা করা। আমি যে অন্যায্য সুবিধা পাচ্ছি না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই জমা দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ক্রিকেট অস্ট্রেলিয়া যে নির্দেশিকা দিয়েছে সেটাও মেনে চলছি। যদি কেউ ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন, তা হলে তাদের উচিত নিজেদের শিক্ষিত করে তোলা।”

উল্লেখ্য, আইসিসি লিঙ্গ পরিবর্তনকারীদের মহিলাদের ক্রিকেটে খেলার অনুমতি না দিলেও অস্ট্রেলিয়ায় সেই সমস্যা নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ঘরোয়া ক্রিকেটে ট্রান্সজেন্ডার এবং জেন্ডার-ডাইভার্স খেলোয়াড়দের জন্য দীর্ঘদিন ধরে একটি নীতি অনুসরণ করছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এই ধরনের খেলোয়াড়দের খেলতে বাধা নেই। তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। কয়েকটি শারীরিক পরীক্ষার পরেই সেই ক্রিকেটারকে খেলার অনুমতি দেওয়া হয়।

বিগ ব্যাশ লিগের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজ়িগুলি নিজেরাই বিদেশি ক্রিকেটারদের বেছে নিতে পারে। তাদের ড্রাফটের মাধ্যমে দলে নেওয়া যায়। একজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করা যায়। এই সুযোগ কাজে লাগাতে বিভিন্ন দেশের ক্রিকেটারেরা বিগ ব্যাশ লিগের সময় নিজেদের অন্য সূচি রাখেন না। অনয়া বলেছেন, ‘‘ডব্লিউবিবিএলে বিদেশি খেলোয়াড়দের জন্য ড্রাফট এবং চুক্তির ব্যবস্থা রয়েছে। ফ্র্যাঞ্চাইজ়িগুলো নথিভুক্ত খেলোয়াড়দের মধ্যে থেকে ক্রিকেটারদের বেছে নিতে পারে। সরাসরি চুক্তি করারও সুযোগ রয়েছে। আইপিএল বা ডব্লিউপিএলেও বিদেশিরা খেলতে পারে। তবে ফ্রাঞ্চাইজ়িগুলোকে বিশ্বাস করাতে হবে, আমি ওদের জন্য অবদান রাখতে পারব।’’

পেশাদার ক্রিকেটে ফেরার প্রস্তুতি চালাচ্ছেন অনয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের পাশাপাশি ফিটনেস অনুশীলনও শুরু করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘নিয়মিত কঠোর পরিশ্রম করছি। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছি। আমি যে ওই পর্যায়ে ক্রিকেট খেলার উপযুক্ত, সেটা আমাকেই প্রমাণ করতে হবে।’’ আগামী ছয় মাসের মধ্যে নিজেকে তৈরি করে ফেলতে চান। প্রিয় ২২ গজে ফিরতে মরিয়া অনয়া। এক সময় সরফরাজ় খানদের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলা বাঙ্গার-সন্তান আত্মবিশ্বাসী।

Anaya Bangar Cricket Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy