অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ প্রথম টেস্ট উত্তপ্ত হয়ে উঠল দুই ক্রিকেটারের ঝামেলায়। ম্যাচের মাঝে ঝামেলা হল মিচেল স্টার্ক ও মেহেদি হাসান মিরাজের। নিজের ভুল স্বীকার করে মিরাজ ক্ষমা চাইলেও শান্ত হননি স্টার্ক। এ দিকে, তানজিদ হাসানের শতরানের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলাদেশ। তারা প্রথম ইনিংসে এগিয়ে ১৫৩ রানে।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিতে যান মেহেদি। দৌড়ের সময় তিনি পিচের মাঝে এসে পড়েন। ওই অঞ্চলটি পিচের সুরক্ষিত এলাকা বলে পরিচিত। ব্যাটারেরা ওই অঞ্চল দিয়ে দৌড়ে রান নিতে পারেন না। স্টার্কের সঙ্গে মেহেদির অল্পের জন্য সংঘর্ষ হয়নি।
মেহেদি রান নেওয়ার সময়েই অস্ট্রেলীয় ক্রিকেটারেরা হইহই করে ওঠেন। স্টার্ক বলেন, “ওটা আমার এলাকা। ওখানে আমি যেতে পারি। তুমি যেতে পারো না। পিচের বাইরে থাকো।” মেহেদি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়ে জানান, রান নেওয়ার মুহূর্তে তিনি দেখতে পাননি যে স্টার্ক সামনে এসে পড়েছেন। তাতেও সামলানো যায়নি স্টার্ককে। শেষপর্যন্ত আম্পায়ার কুমার ধর্মসেনা এসে পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন:
এ দিকে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ৩৫১/৬। প্রথম দিনের শেষে তারা ৯৬/১ তুলেছিল। দ্বিতীয় দিন তানজিদ শতরান করেন। ২৪ বছর বয়সি ক্রিকেটারের এটাই প্রথম শতরান। নেথান লায়নের বলে খুচরো রান নিয়ে ১৮৮ বলে শতরান পূরণ করেন তানজিদ। তবে আর এক রান পরেই আউট হয়ে যান তিনি।
তবে তানজিদের ইনিংস প্রশংসিত হয়েছে। সাবধানতা অবলম্বন করে এবং একটিও খারাপ শট না খেলে তিনি শতরান করেছেন। দ্বিতীয় উইকেটে ১০২ রান যোগ করেন মোমিনুল হকের (৪৯) সঙ্গে। পরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন। নাজমুল ৮৪ রানে আউট হন। তৃতীয় সেশনে চার ওভারের মধ্যে তিনটি উইকেট হারায় বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে মেহেদি এবং হাসান মাহমুদ ৪৩ রান যোগ করে ক্রিজ়ে রয়েছেন।