ভারতীয় দলে এখনও পর্যন্ত শুধু টি-টোয়েন্টিতেই সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। কিন্তু নিজের জায়গা এখনও পাকা করতে পারেনি। খোদ কোচ গৌতম গম্ভীরই বলে দিয়েছেন, এখন দলে জায়গা নেই বৈভবের। অনেকেই তাঁকে টেস্ট দলে খেলানোর কথা বলছেন। তবে প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসরের মতে, টেস্টে খেলার মতো টেকনিক্যাল দক্ষতাই তৈরি হয়নি বৈভবের মধ্যে। যদিও পাল্টা মন্তব্যও শুনতে হয়েছে তাঁকে।
আইপিএল থেকে উত্থান হয়েছে বৈভবের। ক্রিজ়ে টিকে থাকার বদলে সে আগ্রাসী ক্রিকেট খেলতেই ভালবাসে। তার জন্য উইকেটও হারাতে হয় অনেক সময়। যথেষ্ট পরিমাণে লাল বলের ক্রিকেটও খেলেনি সে। তাই পানেসরের মতে, টেস্টে খেলতে গেলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বৈভবকে।
মাইকেল ক্লার্কের আয়োজিত একটি পডকাস্টে পানেসর বলেছেন, “এত সহজে বৈভব টেস্ট ক্রিকেটে খেলতে পারবে বলে আমার মনে হয় না। হ্যারি ব্রুক এখন একমাত্র ব্যাটার যে টেস্ট এবং টি-টোয়েন্টি, দুটোরই র্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ রয়েছে। মনে হয় না বৈভবের মধ্যে এখনও সেই টেকনিক রয়েছে।”
পানেসরের কথা একেবারেই মানতে পারেননি ক্লার্ক। তিনি তুলে ধরেছেন বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের কথা। বলেছেন, “তিন ফরম্যাটে আপনি খেলতেই পারেন। কোহলি বা ডিভিলিয়ার্স সেটা দেখিয়ে দিয়েছে। ওরা অসাধারণ টেস্ট ক্রিকেটার ছিল। টি-টোয়েন্টিতেও দাপিয়ে খেলেছে। বৈভবের মতো এই প্রজন্মের ক্রিকেটার যদি টেস্টেও খেলে তা হলে দেখার মতো একটা ব্যাপার হবে।”
আরও পড়ুন:
ক্লার্ক মনে করেন, বৈভবের শক্তি এবং বলের চরিত্র বুঝে নেওয়ার ক্ষমতা টেস্টে কাজে লাগতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে সে সহজেই ব্যাট করতে পারে। ক্লার্কের কথায়, “এই মুহূর্তে শক্তিই ওর আসল অস্ত্র। অনুমানক্ষমতাও অসাধারণ। ওর বয়সী তরুণ ক্রিকেটারদের তুলনায় বলটা অনেক ভাল ভাবে খেলে। ভারত যে পরিমাণে সফরে যায় তাতে বৈভবের উন্নতিই হবে।”