টেস্ট নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথম সফরটাই খারাপ গিয়েছে বাবর আজ়মের কাছে। ইংল্যান্ডে গিয়ে প্রতিপক্ষের হাতে চুনকাম হতে হয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। দলের অবস্থা দেখে ক্ষিপ্ত প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। বাবরের প্রতি তোপ দেগেছেন তিনি।
তৃতীয় টেস্টের আগে দল থেকে সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত তিনি জানতেনই না বলে দাবি করেছিলেন বাবর। পাশাপাশি দুই কোচ সরফরাজ় আহমেদ এবং উমর গুলকে সরানোর কথাও তাঁর কানে আসেনি বলে দাবি করেছিলেন।
রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আক্রম। বলেছেন, “বাবর বলেছে ও নাকি কিছুই জানত না। ও তা হলে কি করছে পাকিস্তান দলে? মটর বিক্রি করতে এসেছে? ক্রিকেটার বা ব্যক্তি হিসাবে আমি মনে করি, যদি অধিনায়কই আপনার পাশে না থাকে তা হলে কখনওই ১০০ শতাংশ দিতে পারবেন না।”
আরও পড়ুন:
আক্রমের মতে, শান মাসুদকে সরানোর পর বাবরের কখনওই উচিত হয়নি আবার নেতৃত্বের দায়িত্ব নেওয়া। নিলেও দ্বিতীয় টেস্টে হারের পর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল।
আক্রমের কথায়, “আমি কাউকে দোষ দিতে চাই না। নিজে ভুলও হতে পারি। তবে আমার মতে, বাবরের উচিত হয়নি নেতৃত্বের দায়িত্ব নেওয়া। এত কিছুর কোনও দরকারই ছিল না। দ্বিতীয় টেস্টে হারার পর বাবরের বলা উচিত ছিল যে ও এ বার থেকে শুধু ক্রিকেটার হিসাবেই দলে থাকবে।”