বিশেষজ্ঞেরা এখনও তাঁর হয়ে গলা ফাটান। অন্তত ভারতের টি-টোয়েন্টি দলে তাঁকে খেলানোর কথা বলেন। তার একটাই কারণ। আইপিএলে তাঁর দুর্দান্ত সাফল্য। আইপিএলে এখনও প্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলেন তিনি। একের পর এক উইকেট নেন ভুবনেশ্বর কুমার। তার পরেও আর ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন না বিরাট কোহলির সতীর্থ।
২০২২ সালের নভেম্বর মাসে শেষ বার ভারতীয় জার্সিতে খেলতে দেখা গিয়েছিল ৩৫ বছর বয়সি ক্রিকেটারকে। তার পর থেকে আর সুযোগ পান না। পাবেন, সেই আশাও নেই। একটি ইউটিউব চ্যানেলে ভুবনেশ্বর বলেন, “আমার কাউকে প্রমাণ করার কিছু নেই। যদি আবার ভারতীয় দলে সুযোগ পাই, তা হলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কিন্তু আর আশা নেই। গত বছরও আশা করেছিলাম। হয়তো এক, দুটো সিরিজ়ে সুযোগ পাব। কিন্তু আর আশা নেই।”
২০২৫ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। গত মরসুমে নিয়েছেন ২৮ উইকেট। বেগনি টুপির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। বেঙ্গালুরু যে গত দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, তার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে ভুবির।
কিন্তু ভুবনেশ্বর জানেন, ভারতীয় দলে পুরনোদের আর জায়গা নেই। অজিত আগরকর, গৌতম গম্ভীরেরা নতুনদের দিকে তাকাচ্ছেন। সেই কারণেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলা মহম্মদ শামিও সুযোগ পাচ্ছেন না। ফলে তাঁর সম্ভাবনাও যে নেই, তা বুঝে গিয়েছেন ভুবি।
আরও পড়ুন:
ভারতের হয়ে দু’টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছেন তিনি। ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’টি সেমিফাইনালই হেরেছে দল। কিন্তু ২০১৯ সালের হার তাঁকে বেশি কষ্ট দেয়। এখনও ভুলতে পারেননি তিনি।
ভুবনেশ্বরের মতে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ তাঁদের জেতা উচিত ছিল। তিনি বলেন, “২০১৯ সালের হার বেশি কষ্ট দেয়। আমরা খুব সাধারণ লক্ষ্য তাড়া করছিলাম। সকলে ভেবেছিল আমরা জিতব। কিন্তু বৃষ্টি সব শেষ করে দিল। যদি সে দিনই খেলা শেষ হত, হয়তো আমরা জিততাম। পরের দিন শুরুর কয়েক ওভারে পর পর উইকেট পড়ল। সেটাই কাল হল।”