ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা মতোই জায়গা পেয়েছেন রোহিত শর্মা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত থেকে স্পষ্ট, এখনই রোহিতকে বাদ দেওয়ার কথা ভাবছে না তারা। অর্থাৎ, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপেও হয়তো দেখা যাবে তাঁকে। তবে বাদ দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। তাঁকে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে। বাদ দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকেও। ভারতের এক দিনের দলে চমক দুই নতুন মুখ। আকিব নবি ও নমন ধীরকে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে নেই জসপ্রীত বুমরাহ। তবে এশিয়ান গেমসের দলে রয়েছেন তিনি।
একই সঙ্গে চারটি প্রতিযোগিতার দল বেছে নেওয়ার জন্য বুধবার বৈঠকে বসেছিল বোর্ড। কিন্তু বৈঠক শেষ হতে দেরি হয়। সকলের নজর ছিল রোহিতের দিকে। ইংল্যান্ড সফরের মাঝেই নির্বাচক প্রধান অজিত আগরকর তাঁকে জানিয়ে দিয়েছিলেন যে, আর ভাবা হচ্ছে না তাঁর কথা। যদিও তার পরেই বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়ে দেন, রোহিতকে সরানোর কোনও পরিকল্পনা তাঁদের নেই।
বুধবার ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল শইকীয়ার কথায় সিলমোহর দিল। বোঝা যাচ্ছে, আগরকরের চাকরি চাপে রয়েছে। হয়তো এবার সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে।
রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকেও রাখা হয়েছে এক দিনের দলে। তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার নেই। তাঁরা হলেন পন্থ ও হার্দিক। পন্থকে যে টেস্ট ছাড়া আর ভাবা হচ্ছে না, তা বোঝা যাচ্ছে। হার্দিকও সম্ভবত পুরো সুস্থ নন। তাই তাঁকে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে নেই সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। তবে এই ইঙ্গিত আগেই মিলেছিল। সেই সময় এশিয়ান গেমস থাকায় এক দিনের দলে তাঁর বদলে নেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। অধিনায়ক শুভমন গিলের সহকারীর দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ধ্রুব জুরেল। হার্দিক না ফিরলেও নীতীশ রেড্ডি এক দিন ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন। এক দিনের দলে ফিরেছেন রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবও।
যশস্বী জয়সবালকেও রাখা হয়েছে এক দিনের দলে। তবে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের আকিব নবি ও মুম্বইয়ের নমন ধীরকে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলায় সুযোগ পেয়েছেন তাঁরা। দু’জনেই অলরাউন্ডারের দায়িত্ব সামলাতে পারেন। এখন দেখার, তাঁদের অভিষেক হয় কি না।
টি-টোয়েন্টি দলে রয়েছেন প্রিন্স যাদব ও মায়াঙ্ক যাদব। অর্থাৎ, দুই তরুণ পেসারকে আরও এক সিরিজ়ে সুযোগ দেওয়া হয়েছে। আফগানিস্তান সিরিজ়ে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন কুলদীপ।
পন্থকে ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারত দলের অধিনায়ক করা হয়েছে। এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, পন্থকে লাল বলের ক্রিকেটের জন্যই ভাবা হচ্ছে। সেই দলের সহ-অধিনায়ক সরফরাজ় খান। আকাশদীপকে নেওয়া হয়েছে। তবে তার আগে তাঁকে সুস্থ হয়ে চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। দলীপে পূর্বাঞ্চলের হয়ে ভাল খেললেও ইরানিতে নেই মহম্মদ শামি। তবে বাংলার অপর পেসার মুকেশ কুমারকে নেওয়া হয়েছে।
জাপানে টি-টোয়েন্টি ম্য়াচ ও এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত দলও ঘোষণা করেছে বোর্ড। অধিনায়ক শ্রেয়সের নেতৃত্বে খেলতে যাবে ভারতীয় দল। এই দলে আবার নেওয়া হয়নি নীতীশ রেড্ডিকে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে না থাকা যশ ঠাকুর ও বিপরাজ নিগমকে নেওয়া হয়েছে। কুলদীপ, প্রিন্স ও মায়াঙ্ক আবার এই দল থেকে বাদ পড়েছেন।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের এক দিনের দল
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মজ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সবাল, নমন ধীর।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল
শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, নীতীশ রেড্ডি, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব।
জাপান টি-টোয়েন্টি ও এশিয়ান গেমসের দল
শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরাহ, যশ ঠাকুর, বিপরাজ নিগম।
ইরানি ট্রফি অবশিষ্ট ভারত দল
ঋষভ পন্থ (অধিনায়ক), সনৎ সাঙ্গোয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, সরফরাজ় খান (সহ-অধিনায়ক), স্মরণ রবিচন্দ্রন, মানব সুতার, সারাংশ জৈন, আকাশদীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধরী, আরিয়ান জুয়াল, আরিয়ান পান্ডে, অনুকূল রায়, আয়ুষ দোসেজা।