Advertisement
E-Paper

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েই অভিষেকের রেকর্ড ভাঙলেন ফারহান, ছুঁলেন কোহলির কীর্তিও

গত এশিয়ান গেমসে সাহিবজ়াদা ফারহানের নেতৃত্বে ক্রিকেটে রুপো জিতেছে পাকিস্তান। তার পর ফারহানকেই পাকাপাকি ভাবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হয়ে প্রথম সিরিজ়েই জোড়া নজির গড়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২০:৫১
Picture of Cricket

সাহিবজ়াদা ফারহান। — ফাইল চিত্র।

কিছু দিন আগেই শাহিবজ়াদা ফারহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম সিরিজ়েই নজির গড়লেন তিনি। ভেঙে দিলেন অভিষেক শর্মার একটি রেকর্ড। ফারহান ছুঁয়েছেন বিরাট কোহলির একটি কীর্তিও।

অধিনায়ক হিসেবে দুর্দান্ত শুরু করেছেন ফারহান। প্রথম সিরিজ়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পেয়েছেন। ব্যাট হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন ফারহান। তিন ম্যাচের সিরিজ়ে তিনি করেছেন ২৩৮ রান। ব্যাটার হিসেবে সাফল্য পেয়েই নতুন রেকর্ড গড়েছেন ফারহান। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন অভিষেকের রেকর্ড। ২০২৬ সালে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ২২৯ রান করেছিলেন অভিষেক। এত দিন সেটাই ছিল সর্বোচ্চ। অভিষককে টপকে নতুন নজির গড়লেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।

কোহলির একটি কীর্তিও স্পর্শ করেছেন ফারহান। তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ের প্রতিটি ম্যাচে অর্ধশতরান করেছেন পাক ব্যাটার। বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে এই কীর্তি অর্জন করলেন তিনি। পাকিস্তানের প্রথম ক্রিকেটার তিনিই। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রতিটিতে অর্ধশতরান করেছিলেন কোহলি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮৯ রান করেন ফারহান। সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে করেন ৭৩ রান। আর তৃতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৬ রানের ইনিংস। যদিও শেষ ম্যাচে পাকিস্তান জিততে পারেনি।

Sahibzada Farhan T20 Record Abhishek Sharma Virat Kohli

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy