অজিত আগরকরের পর জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে পার্থিব পটেলের নাম শোনা যাচ্ছিল। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দায়িত্ব নিতে আগ্রহী নন। আগরকরের শূন্যস্থান পূরণের জন্য আগ্রহীদের কাছ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আবেদনপত্র আহ্বান করেছিল। কিন্তু পার্থিব আবেদনই করেননি। ফলে কিছুটা সমস্যায় বোর্ড কর্তারা।
আগরকর ছিলেন পশ্চিমাঞ্চলের প্রতিনিধি। তাই তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য পশ্চিমাঞ্চল থেকেই নতুন জাতীয় নির্বাচক বেছে নিতে হবে বিসিসিআইকে। শোনা যাচ্ছিল, নতুন নির্বাচক হতে পারেন পার্থিব। তাঁর সঙ্গে বিসিসিআইয়ের কয়েক জন কর্তার নাকি প্রাথমিক কথাও হয়েছিল। নিয়ম অনুযায়ী, আগরকরের মেয়াদ সরকারি ভাবে শেষ হওয়ার পর শূন্যপদ পূরণের লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করে বিসিসিআই। বোর্ডের এক কর্তার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘আবেদন করার সময়সীমা ছিল ১৪ অক্টোবর বিকাল ৫টা। নির্দিষ্ট সময়ের মধ্যে পার্থিবের আবেদনপত্র পায়নি বোর্ড। জানি না সময় বৃদ্ধি করা হবে কি না। সময় বৃদ্ধি করা হলে এবং পার্থিব সিদ্ধান্ত পরিবর্তন করলে তবেই অন্যরকম কিছু হতে পারে।’’
পার্থিব নির্বাচক হলে তিনিই হতেন চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারম্যান হন। পার্থিব আবেদন না করায় সেই সম্ভাবনা থাকছে না। সে ক্ষেত্রে প্রজ্ঞান ওঝাকেই তাঁর কার্যকালের বাকি সময়ের জন্য চেয়ারম্যান করতে পারে বোর্ড। আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে কাজ চালাচ্ছেন ওঝা। কারণ, বাকি জাতীয় নির্বাচকদের থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
আরও পড়ুন:
পশ্চিমাঞ্চল থেকে আবেদন করা প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম রমেশ পাওয়ার এবং সমীর দিঘে। শোনা যাচ্ছিল, পাওয়ারকে ছোটদের দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে পশ্চিমাঞ্চলের প্রতিনিধি করা হতে পারে জাতীয় নির্বাচক কমিটিতে। তা হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রয়েছেন ওঝা। দিঘেকে আনা হতে পারে ছোটদের দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান করে।