Advertisement
E-Paper

প্রথম ৬ ওভারেই খেলা শেষ করতে নেমেছিলাম! ম্যাচের সেরা হয়েও জয়ের কৃতিত্ব গোটা দলকে দিলেন সঞ্জু

২২৬ রান তাড়া করতে নেমে ৩৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। স্বভাবতই হয়েছেন ম্যাচের সেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১৭:৩৬
cricket

সঞ্জু স্যামসন। —ফাইল চিত্র।

আরও এক বার ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। ২২৬ রান তাড়া করতে নেমে ৩৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু এই জয়ের কৃতিত্ব গোটা দলকে দিলেন সঞ্জু।

খেলা শেষে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে সঞ্জু বলেন, “প্রথম ম্যাচ জিতেছি। সেটাই বড় কথা। সেই জয়ে আমারও অবদান আছে। দলের সকলেই কিছু না কিছু করেছে। এটা সম্পূর্ণ দলগত একটা জয়। এ ভাবে সিরিজ় শুরু করতে পেরে ভাল লাগছে।”

ওপেন করতে নেমে অভিষেক শর্মার সঙ্গে ৫.৫ ওভারে ৯৩ রান করেছেন সঞ্জু। সেখানেই খেলা ভারতের দিকে ঝুঁকে গিয়েছে। সেই সময় কী পরিকল্পনা ছিল তাঁদের? সঞ্জু বলেন, “আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলছিলাম। কিন্তু সত্যি বলতে সে সবের কোনও দাম নেই। শুধু বল দেখছিলাম আর জোরে মারছিলাম। এ ভাবেই আমরা ব্যাট করি। এতেই আমাদের সুবিধা হয়।”

ক্রাইস্টচার্চের পিচে ব্যাট করা যে খুব সহজ ছিল তা মনে করেন না সঞ্জু। ভারতীয় ওপেনার বলেন, “বল ভাল সুইং করছিল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে শুরুতে একটু বেশিই সুইং করছিল। কিন্তু পিচে পড়ার পর ব্যাটে ভাল আসছিল। তাই আমি আর অভিষেক ঠিক করেছিলাম, বলের লাইন ধরে খেলব। ইতিবাচক ব্যাটিং করব।”

সঞ্জুরা জানতেন, জিততে হলে পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। সেই লক্ষ্যেই নেমেছিলেন দু’জন। তাতে সফলও হয়েছেন। সঞ্জু বলেন, “আমরা জানতাম, ভাল শুরু করতে পারলে পাওয়ার প্লে-তেই খেলা শেষ করে দেব। প্রথম ৬ ওভারেই খেলা শেষ করতে চেয়েছিলাম। পাওয়ার প্লে-তে ৯০-এর উপর রান করেছি। সেটাই ভিত গড়ে দিয়েছে।”

শেষ দিকে শিশির পড়ায় তাঁদের কাজটা সহজ হয়ে গিয়েছিল বলেই জানিয়েছেন সঞ্জু। তিনি বলেন, “প্রথম ইনিংসে দু’একটা বল পড়ে থামছিল। দ্বিতীয় ইনিংসের শুরুতেও সেটা হচ্ছিল। কিন্তু একটা সময়ের পর শিশির পড়তে শুরু করল। তাতে ব্যাটারদের কাজটা সহজ হয়ে গেল। এই পিচে ব্যাট করে খুব মজা পেয়েছি।”

India Vs New Zealand Sanju Samson India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy