এশিয়ান গেমস বা অলিম্পিক্স থেকে ফেরার পর পদকজয়ীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৫ অক্টোবর, দিল্লিতে নিজের বাড়িতে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন মোদী। বিকেল ৪.৩০টের সময় সেই সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
এশিয়ান গেমসে ২১টি সোনা-সহ মোট ৮৫টি পদক জিতছে ভারত। শেষ করেছে চতুর্থ স্থানে। ব্যক্তিগত এবং দলগত বিভাগে পদকজয়ী সমস্ত ক্রীড়াবিদদের সঙ্গেই দেখা করবেন মোদী। তাঁদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং উৎসাহিত করবেন।
সেই বৈঠকে ভারতের দুই বিভাগের ক্রিকেট দল হাজির থাকবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পুরুষ দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলছে। এশিয়ান গেমসে খেলা বেশির ভাগ ক্রিকেটারই রয়েছেন সেই দলে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৪ অক্টোবর ম্যাচ রয়েছে। তার পরের দিনই দিল্লিতে দল দেখা করতে যাবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। পঞ্চম তথা শেষ ম্যাচ ১৭ অক্টোবর।
মহিলা দলকে নিয়েও প্রশ্ন রয়েছে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মেয়েদের সিরিজ় শুরু হচ্ছে ১৬ অক্টোবর। তার এক দিন আগে কী ভাবে প্রধানমন্ত্রীর বাড়িতে হাজির থাকবেন তা জানা যায়নি। কোনও দলের তরফেই এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলা হয়নি।
অন্যান্য ক্রীড়াবিদদের নিয়ে অবশ্য সমস্যা নেই। এশিয়ান গেমস থেকে ফেরার পর বেশির ভাগই দেশে রয়েছে। তিরন্দাজ, কুস্তিগির এবং বক্সারদের অনেকেই এখনও অনুশীলনে ফেরেননি। হকির দুই দলও দেশেই রয়েছে।
আরও পড়ুন:
এশিয়াডে সবচেয়ে ভাল ফল করেছেন তিরন্দাজেরা। তাঁরা পাঁচটি সোনা, দু’টি করে রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন। কুস্তিগিরেরা ছ’টি পদক জিতেছেন, যার মধ্যে দু’টি সোনা রয়েছে। তিরন্দাজ এবং কুস্তিগিরদের দাপটে শেষ দু’দিনের প্রচুর সোনা জিতেছে ভারত।