Advertisement
E-Paper

টিভিতে আইএসএলের খেলা কেন দেখা যাচ্ছে না, সোমবার মোহনবাগানের ম্যাচ কি দেখা যাবে, মুখ খুললেন আয়োজকেরা

শনিবার থেকে শুরু হয়েছে আইএসএল। কিন্তু প্রথম দিন দু’টি ম্যাচের কোনওটিই টিভিতে দেখতে পাননি দর্শকেরা। রবিবার আয়োজকেরা দাবি করেছেন, দ্রুতই খেলা দেখা যাবে টিভিতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৭:৫২
football

ছবি: এআই সহায়তায় প্রণীত।

শনিবার থেকে শুরু হয়েছে আইএসএল। কিন্তু প্রথম দিন দু’টি ম্যাচের কোনওটিই টিভিতে দেখতে পাননি সমর্থকেরা। ইউটিউব এবং সোনিলিভ অ্যাপে খেলা দেখা গেলেও সম্প্রচারকারী সোনি স্পোর্টস নেটওয়ার্কের কোনও চ্যানেলে খেলা দেখা যায়নি। তবে রবিবার আয়োজকেরা দাবি করেছেন, দ্রুতই খেলা দেখা যাবে টিভিতে।

রবিবার আইএসএলের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই মুহূর্তে ইউটিউব এবং সোনি লিভ অ্যাপে ম্যাচ দেখা যাচ্ছে। টেলিভিশনে যাতে দ্রুত ম্যাচ দেখানো যায়, তার চেষ্টা চলছে। সমর্থকদের ধৈর্য ধরতে বলা হয়েছে।

জানা গিয়েছে, আইএসএল টিভিতে দেখানোর জন্য বেশ কিছু সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন আয়োজকেরা। কখনও জ়ি স্পোর্টস, কখনও জিয়োস্টারের সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে একদম শেষ মুহূর্তে চুক্তি হয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে।

টিভিতে কোনও কিছু সম্প্রচারের জন্য কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুমতি লাগে। সেই অনুমতি এখনও পাওয়া যায়নি। তাই ম্যাচ দেখা যাচ্ছে না। সাধারণত ২-৩ দিনের মধ্যে অনুমতি পাওয়া যায়। তবে দিল্লির এখন যা অবস্থা তা অনুমোদনের ক্ষেত্রে আরও ১-২ দিন বাড়তি লাগতে পারে। তত দিন পর্যন্ত আইএসএল টিভিতে দেখা যাবে না।

টিভিতে খেলা দেখানোর জন্য কোনও সময় বেঁধে দেননি আয়োজকেরা। তাদের আশ্বাস, দ্রুত ম্যাচ দেখানো হবে। প্রভাবশালী মহলে যোগাযোগের চেষ্টা চলছে যাতে একটি ফোন কলেই অনুমতি পাওয়া যায়।

শনিবার প্রথম ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসি ও এসসি দিল্লির মধ্যে। নির্ধারিত সময় ৫টা থেকেই শুরু হয়ে যায় খেলা। কিন্তু সোনি স্পোর্টসের কোনও চ্যানেলেই খেলা দেখা যায়নি। কোথায় খেলা দেখা যাচ্ছে, সেই প্রশ্ন তোলেন দর্শকেরা। আনন্দবাজার ডট কম-এর ক্রীড়া দফতরে বার বার ফোন আসছিল। প্রত্যেকের একটাই প্রশ্ন, কোন চ্যানেলে আইএসএল দেখা যাচ্ছে?

প্রথম দিন দ্বিতীয় ম্যাচ এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। রাত সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে খেলা। সেই খেলাও টেলিভিশনে দেখানো হচ্ছে না। অর্থাৎ, প্রথম দিনের দুই ম্যাচই দেখানো হয়নি টেলিভিশনে।

ISL 2026-27 indian super league

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy