Advertisement
E-Paper

অষ্টমীর দুপুরে ম‍্যাডক্স স্কোয়‍্যার থেকে শুরু সৌরভের বায়োপিকের প্রচার, রাজকুমারের সঙ্গে আরও কিছু মণ্ডপে যাবেন মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। তবে দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। এই প্রথম বার সেই দৃশ্য দেখা যাবে। অষ্টমীর দুপুরে।

অনির্বাণ মজুমদার

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১৫:৪৪
cricket

সৌরভ গঙ্গোপাধ্যায় (বাঁ দিকে) ও রাজকুমার রাও। অষ্টমীতে একসঙ্গে কলকাতায় পুজো দেখবেন তাঁরা। —ফাইল চিত্র।

ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে অনেক দিন। কিন্তু এই প্রথম একসঙ্গে দেখা যাবে তাঁদের। ‘রিল’ ও ‘রিয়েল’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অষ্টমীতে একসঙ্গে কলকাতার পুজো দেখবেন সৌরভ ও রাজকুমার রাও। বাঙালির সবচেয়ে বড় উৎসবের মাঝে চমক দাদার।

অষ্টমীর দিন অর্থাৎ সোমবার দুপুর আড়াইটেয় ম্যাডক্স স্কোয়্যারে যাবেন সৌরভ ও রাজকুমার। আরও কয়েকটি পুজো মণ্ডপে যাওয়ার কথা তাঁদের। এখনও ছবি তৈরির কাজ শেষ না হলেও বলা যেতে পারে, এখন থেকেই প্রচার শুরু করে দিতে চান তাঁরা। আর তার জন্য পুজোর থেকে ভাল পরিবেশ হয় না। মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। সেখানেই সকলের কাছে পৌঁছে যেতে চাইছেন সৌরভ ও রাজকুমার।

সৌরভের বায়োপিক (আত্মজীবনী নির্ভর চলচ্চিত্র) তৈরির কাজ পুরোদমে চলছে। সেখানে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। বলিউডের পোড়খাওয়া অভিনেতা ইতিমধ্যেই ইডেন গার্ডেন, সৌরভের বাড়িতে শুটিং করে গিয়েছেন। তবে দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। এই প্রথম বার সেই দৃশ্য দেখা যাবে। সঙ্গে ছবির আরও কয়েক জন কলাকুশলী থাকতে পারেন।

সৌরভের বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। ভারতীয় সমর্থক তো বটেই, গোটা বিশ্বের কাছে এই নামেই পরিচিত সৌরভ। সেই কারণেই নির্মাতারা ‘দাদা’ নাম দিয়েছেন ছবির।

বায়োপিকের জন্য প্রচুর পরিশ্রম করছেন রাজকুমার। তাঁর স্ত্রী পত্রলেখা বাঙালি। তাই বাঙালির কাছে সৌরভের আবেগের ধারণা তিনি নিশ্চয় পেয়েছেন। বাঙালি অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিত আঢ্যেরা রয়েছেন ছবিতে। মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেণ্ডুলকর ও মহম্মদ আজ়হারউদ্দিনের পর আরও এক ভারতীয় অধিনায়কের জীবনী দেখা যাবে বড়পর্দায়। পুজো থেকেই তার প্রচার শুরু করে দিলেন সৌরভ ও রাজকুমার।

Sourav Ganguly Sourav Ganguly Biopic

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy