বাংলার দ্বিতীয় রঞ্জি ম্যাচও নিশ্চিত ফলাফলে দিকে এগোচ্ছে। অভিমন্যু ঈশ্বরণদের দ্বিতীয় ইনিংস ১৪৬ রানে শেষ হওয়ার পর জয়ের জন্য সার্ভিসেসের লক্ষ্য ২০৯ রান। সোমবার খেলার শেষে তাদের দ্বিতীয় ইনিংসের রান কোনও উইকেট না হারিয়ে ১২। ম্যাচের এখনও দু’দিন বাকি।
প্রথম দিনের খেলার শেষে বাংলার প্রথম ইনিংসে ১৮৪ রানের জবাবে সার্ভিসেস প্রথম ইনিংসে করেছিল ৫ উইকেটে ৮৩ রান। সেখান থেকে ১২২ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। আমির গনি ৩১ রানে ৪ উইকেট নেন। শাহবাজ় আহমেদ নেন ৩৫ রানে ৪ উইকেট। এ ছাড়া ৩১ রানে ২ উইকেট প্রদীপ্ত প্রামাণিকের। অধিনায়ক রজত পালিওয়াল (অপরাজিত ৪৮) ছাড়া সার্ভিসেসের আর কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি।
৬২ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। কিন্তু দিল্লির ২২ গজে সুবিধা করতে পারেননি ঈশ্বরণেরা (৩০)। অধিনায়ক ছাড়া কিছুটা লড়াই করেছেন সুদীপ ঘরামি (২৩) এবং অভিষেক পোড়েল (২৫)। সার্ভিসেসের রাহুল সিংহ ৩৯ রানে ৫ উইকেট নেন। ৩৪ রানে ২ উইকেট পুলকিত নারাংয়ের। ৫০ রানে ২ উইকেট অর্জুন শর্মার। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৬ রানে। মাত্র ৫২.৫ ওভারে।
আরও পড়ুন:
দিনের শেষে ক্রিজ়ে রয়েছেন সার্ভিসেসের দুই ওপেনার শুভম রোহিল্লা (৯) এবং নীতিন তানওয়ার (৩)। জয়ের জন্য বাংলা তাকিয়ে রয়েছে বোলারদের দিকে। দু’দিন ৩০ উইকেট পড়া ২২ গজে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হচ্ছে সার্ভিসেসকে। এটাই আশায় রেখেছে বাংলা শিবিরকে। জয়ের জন্য সার্ভিসেসের দরকার আর ১৯৭ রান। বাংলার চাই ১০ উইকেট। অর্থাৎ আর ১৯৫ রানের মধ্যে সার্ভিসেসকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে হবে।