ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের বোলারেরা ধারাবাহিক ভাবে ব্যর্থ হয়ে চলেছেন। প্রতিটি ম্যাচেই প্রচুর রান হজম করছেন তাঁরা। একজন বোলারের অনুপস্থিতির কারণে এমন দুর্দশা তৈরি হয়েছে। মেনে নিয়েছেন সঞ্জু স্যামসন। তিনি জানিয়েছেন, জসপ্রীত বুমরাহ না থাকার কারণেই বাড়তি সুবিধা পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়।
নিউ জ়িল্যান্ড সিরিজ়ের কথা ভেবে এই সিরিজ়ে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। সঞ্জুর মতে, বুমরাহের মতো বোলারের কোনও বিকল্প হয় না। তবে ভারতের এখনকার বোলারদের উপরেও ভরসা রেখেছেন তিনি। আলাদা করে প্রশংসা করেছেন প্রিন্স যাদবের।
সঞ্জুর কথায়, “জসপ্রীত বুমরাহের কোনও বিকল্প হয় না। ওর মতো বোলার এক প্রজন্মে একজনই আসে। আমরা ভাগ্যবান ওর মতো বোলার পেয়ে। তবে আমাদের হাতে বেশ কিছু ভাল প্রতিভাও রয়েছে। অর্শদীপ সিংহ খুব ভাল বল করছে। প্রিন্স যাদব গত কয়েকটা ম্যাচে যে ভাবে বল করেছে দেখে খুব ভাল লেগেছে। আমার মতে, দলে প্রতিভার অভাব নেই। যত বেশি ওদের খেলানো হবে, যত বেশি পাশে থাকা যাবে, তত ভাল হবে ওদের বোলিং।”
আরও পড়ুন:
ভারতের বোলারদের পারফরম্যান্সে অবশ্য অনেকেই খুশি নন। তার মধ্যে একজন মহম্মদ কাইফ। ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে বলেছেন, “সত্যিটা হল, ভারত ওদের বোলিংয়ের জন্য হারছে। ওদেরই দোষ দিতে হবে। ২৪৭ অনেক রান। আমরা খারাপ বল করেছি বলেই হেরেছি। বোলারেরা প্রচুর রান দিয়েছে। এটাই প্রথম নয়। সাধারণত পাঁচ ম্যাচের সিরিজ়ে ব্যাটারেরা তিনটে ম্যাচ জেতায়। বোলারেরা বাকি ম্যাচ জেতায়। এই সিরিজ়ে বোলারেরা কোনও ম্যাচই জেতাতে পারছে না। এই দল নিয়ে কখনওই বিশ্বকাপ জেতা যাবে না।”