রবিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারত। তার আগে কোচ গৌতম গম্ভীরের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর দাবি, গম্ভীরের মতো আর কেউ এত ভাল ভাবে ক্রিকেটারদের সামলাতে পারেন না। দলে যে চোট সমস্যা তৈরি হয়েছে তা নিয়েও মুখ খুলেছেন তিনি।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গম্ভীরের প্রশংসা করেছেন শ্রেয়স। তাঁর কথায়, “দলের মধ্যে আস্থা এবং আত্মবিশ্বাস তৈরি করেছেন গম্ভীর। প্রত্যেকে নিজের ভূমিকা সম্পর্কে জানে। কোচিং দক্ষতার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলার ব্যাপারেও গম্ভীর দুর্দান্ত। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে এমন সম্পর্ক থাকলে সেটা দলকে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। সেটা বোঝা কোচের কাজ।”
শ্রেয়স আরও বলেছেন, “আমরা যত বেশি ম্যাচ জিতব তত ভাল করে একে অপরকে জানতে পারব। আগে গম্ভীরের সঙ্গে কেকেআরে কাজ করেছি। তাই জানি কী ভাবে কাজ করেন উনি।”
আরও পড়ুন:
সম্প্রতি ভারতের একের পর এক ক্রিকেটার চোট পেয়েছেন। চোটের কারণে আফগানিস্তান সিরিজ়ে একাধিক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তিনি কি হতাশ? শ্রেয়স বলেন, “হতাশ নই। আসলে এটা বুঝতে হবে যে একজন ক্রিকেটার একটানা কতগুলো ম্যাচ খেলে। এতটাই বেশি ম্যাচ খেলতে হয় যে চোট লাগবেই। তা ছাড়া কেউ তো আর ইচ্ছা করে চোট পায় না। তারা দলের হয়ে নিজের সেরাটা দিচ্ছে বলেই চোট পাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করা যায় না।”
জসপ্রীত বুমরাহ যে খেলার জন্য তৈরি সেটা বলে দিয়েছেন শ্রেয়স। তাঁর কথায়, “গতকালই ওর সঙ্গে কথা হয়েছে। ওর মানসিকতা এমন যে মাঠে নেমেই নিজের সেরাটা দিতে তৈরি। দলকে ট্রফি জেতাতে চায়।”