Advertisement
E-Paper

এখনও টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন শুভমন, কেন শ্রীলঙ্কাকে ফলো-অন করালেন, ব্যাখ্যা ভারত অধিনায়কের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে। তবু স্বপ্ন দেখছেন শুভমন গিল। ভারত অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট জিততে কোনও চেষ্টাই বাকি রাখেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৬ ১৮:১৯
cricket

টেস্ট জয়ের ট্রফি নিয়ে শুভমন গিল। ছবি: পিটিআই।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে। তবু স্বপ্ন দেখছেন শুভমন গিল। ভারত অধিনায়ক জানিয়েছেন, যত দিন ভাল খেলবেন তত দিন ফাইনালে ওঠার স্বপ্ন দেখে যাবেন তাঁরা। দ্বিতীয় টেস্ট জিততে যে কোনও চেষ্টাই বাকি রাখেননি, সেটাও মেনে নিয়েছেন।

ফাইনাল নিয়ে শুভমনকে প্রশ্ন করা হলে তাঁর উত্তর, “আমরা নভেম্বরে নিউ জ়িল্যান্ডে গিয়ে একটা ভাল সিরিজ় খেলার অপেক্ষায় রয়েছি। তার পর দেশে দারুণ একটা সিরিজ় (অস্ট্রেলিয়া) রয়েছে। আশা করি নিউ জ়িল্যান্ডে ভাল খেলে সম্ভাবনা জিইয়ে রাখতে পারব। যত দিন সুযোগ আছে তত দিন বিশ্বাসটা রেখে যাব। আশা করি ফাইনালেও উঠতে পারব।”

অনেকেই মনে করছেন, শ্রীলঙ্কাকে ফলো-অন না করালে এই ম্যাচ ভারত জিতে যেত। শুভমন যদিও তা মনে করেন না। তাঁর ব্যাখ্যা, “শ্রীলঙ্কা দুর্দান্ত খেলেছে। মনে মনে আমি ভাবতেই পারি যে ফলো-অন করানো কি সঠিক সিদ্ধান্ত ছিল? কিন্তু আবহাওয়া এবং বাকি পরিবেশের কথা মাথায় রেখে বুঝতে পারছিলাম না পঞ্চম দিন পুরো খেলা হবে কি না। তবে এগুলো ম্যাচের পর নিজে নিজে আলোচনা করা যায়। সেই মুহূর্তে সেরা সিদ্ধান্তই নিয়েছিলাম। কিছু কিছু জিনিস আমাদের পক্ষেও যায়, বিপক্ষেও যায়। এটাই ক্রিকেটের মজা। আজ টেস্ট ক্রিকেট জিতে গিয়েছে।”

ফলো-অন না করালেও ভারত যে টেস্ট জিতে যেত এমনটা মনে করেন না শুভমন। তাঁর দাবি, এই টেস্ট জিততে যাবতীয় পরিশ্রম তাঁরা করেছেন। আর কিছু বাকি ছিল না। শুভমনের কথায়, “আমরা সব কিছু করেছি। তিন দিন ধরে ২৫০ ওভার ফিল্ডিং করেছি। যা যা করা দরকার সব চেষ্টা করেছি। শ্রীলঙ্কার ব্যাটারেরা অসাধারণ খেলেছে। ওদের দক্ষতা রয়েছে এবং ভাগ্যও ওদের সঙ্গে ছিল। আর কিছু করা সম্ভব ছিল না।”

টেস্ট ড্র হলেও ভাল দিক খুঁজে পেয়েছেন শুভমন। ভারত অধিনায়কের কথায়, “অনেক ইতিবাচক দিক রয়েছে। বিপক্ষের থেকেও অনেক শিখেছি। বিপক্ষ প্রচণ্ড চাপে থাকার পরেও যে ভাবে খেলেছে তাতে ওদের প্রচুর প্রশংসা প্রাপ্য। মধ্যাহ্নভোজ এবং চা বিরতির সময়েও সতীর্থদের সঙ্গে আলোচনা করে বুঝেছি, এর থেকে বেশি কিছু আর করার নেই আমাদের। তবে ইতিবাচক দিক রয়েছে। পডিক্কল, কেএল রাহুল ভাল ব্যাট করেছে। মানব সুতার ভাল বল করেছে। প্রসিদ্ধ কৃষ্ণ দুই ইনিংসেই ভাল খেলেছে।”

Shubman Gill India vs Sri Lanka World Test Championship

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy