গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হঠাৎ রেগে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। সতীর্থ কুলদীপ যাদবের উপর চটে যান তিনি। বিরক্ত দেখিয়েছিল হার্দিক পাণ্ড্যকেও। সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভারতের টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়ক।
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন সূর্য। তাঁর ভারতীয় দল থেকে বাদ পড়ার মতোই উঠে এসেছে পাকিস্তান ম্যাচে মেজাজ হারানোর প্রসঙ্গও। সূর্য জানিয়েছেন, পুরো বল করতে না পারার হতাশায় ক্যাচ ফেলে দিয়েছিলেন কুলদীপ। তাতেই রেগে যান তিনি। সূর্য বলেছেন, ‘‘পাকিস্তান ম্যাচের শেষ দিকে কুলদীপকে বল করানোর সুযোগ পাইনি। ও স্বাভাবিক ভাবেই বল করতে চেয়েছিল। অক্ষরের চার ওভার শেষ হওয়ার পর তিলক বর্মা, বরুণ চক্রবর্তী এবং হার্দিককে আক্রমণে এনেছিলাম। সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়েছিল কুলদীপ। ও বার বার বলছিল, আমায় কখন বল করতে ডাকবে?’ একটা সময় কুলদীপ লং অনে ফিল্ডিং করছিল। ওর কাছাকাছি একটা ক্যাচ যায়। কিন্তু দায়সারা ভাবে দৌড়তে শুরু করে। কুলদীপ যে মানের ক্রিকেটার, তাতে ওই ক্যাচটা কঠিন ছিল না একদমই। ক্যাচটা ফেলে দেয় কুলদীপ। তাতেই আমার মাথা গরম হয়ে গিয়েছিল। ক্যাচ পড়তেই পারে। সেটা বিষয় নয়। কিন্তু ঠিক করে ধরার চেষ্টা তো করতে হবে।’’
সহজ ক্যাচ কেন ফেলে দিয়েছিলেন কুলদীপ? সূর্যকুমারের ব্যাখ্যা, ‘‘খেলা শেষ হওয়ার পর যখন আমাদের দেখা হয়েছিল, তখন দু’জনেই রেগে ছিলাম। পরস্পরের উপর রেগে ছিলাম আমরা। রাগে কুলদীপের মুখ লাল হয়ে গিয়েছিল। আমিও বেশ কড়া ভাবেই তাকিয়ে ছিলাম ওর দিকে। আমাদের দেখে তেমনই মনে হচ্ছিল। তবে ওটা আসলে মজা ছিল। পরে অহমদাবাদে পৌঁছে ওই ঘটনাটা নিয়ে আমার একটা রিল তৈরির কথা মনে হয়। এই ছোট ছোট ব্যাপারগুলো পরিস্থিতি সহজ করতে সাহায্য করে।’’
আরও পড়ুন:
সূর্যকুমার জানিয়েছেন, বিষয়টা গুরুতর কিছু ছিল না। দলের পরিবেশও ঠিক ছিল। কুলদীপ যেমন বল করার সুযোগ না পেয়ে হতাশায় রেগে গিয়েছিলেন, তেমন তিনিও বিরক্ত ছিলেন কুলদীপ ক্যাচ ফেলায়। সূর্যকুমার জানিয়েছেন, খেলার সময় এমন অনেক কিছুই হয়। সেগুলি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সম্পর্ক বা পরিবেশের উপর প্রভাব ফেলে না।