তিনি মুম্বইয়ে থাকেন। তবে শাহরুখ খানের প্রতিবেশী হতে পারেননি। তবে ভিন্দেশে বলিউড তারকার প্রতিবেশী হতে চলেছেন সূর্যকুমার যাদব। দুবাইয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক। ওই বাড়িটি যেখানে, তার ঠিক পাশেই শাহরুখের নামে একটি আবাসন হতে চলেছে। সেখানে শাহরুখেরও বাড়ি থাকবে।
দুবাইয়ের একটি রিয়্যাল এস্টেট সংস্থার নির্মিত বাড়ি কিনতে চলেছেন সূর্যকুমার। জানিয়েছেন, গত কয়েক বছর ধরে নিয়মিত দুবাই যাওয়া-আসার সূত্রে তিনি সেই শহরকে ভালবেসে ফেলেছেন। সেখানকার জীবনযাত্রা, থাকার আরাম এবং নিরাপত্তা তাঁকে মুগ্ধ করেছে।
সমাজমাধ্যমের একটি বার্তায় সূর্যকুমার বলেছেন, “আমি ২০১৪-য় প্রথম বার এখানে এসেছিলাম। তার পর ২০২০-তে গিয়েছি। ভারতের মানুষ দুবাইয়ের দিকে তাকিয়ে থাকে। এখানকার আরাম এবং জীবনযাত্রার মান অন্য জায়গায় চেয়ে আলাদা। মুম্বইয়ে আমি যেখানে থাকি সেটা নিরাপদ ঠিকই। কিন্তু নিরাপত্তার দিক থেকে দুবাই অসাধারণ। এই জায়গায় এসে আমি স্বস্তি এবং খুশি দুটোই পেয়েছি।”
সূর্যকুমারের আবাসনের পাশেই শাহরুখের নামাঙ্কিত একটি আবাসন তৈরি হচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে শাহরুখের প্রতিবেশী হচ্ছেন সূর্যকুমার।
আরও পড়ুন:
মাঠের বাইরে খবরে থাকলেও, ক্রিকেটীয় ব্যাপারে সময়টা ভাল যাচ্ছে না। সম্প্রতি রঞ্জি ট্রফিতে মুম্বই দল থেকে বাদ পড়েছেন। প্রাক্-মরসুম প্রস্তুতি শিবিরে ধারাবাহিক অনুপস্থিতির কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। আইপিএলের পর থেকেই পেশাদার ক্রিকেটের বাইরে তিনি।