রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়েছে বাংলা। সেই ম্যাচে শতরান করে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অভিষেক পোড়েল। ব্যক্তিগত জীবনে টালমাটাল পরিস্থিতি চলার পর ফিরে এসেই নজর কেড়েছেন তিনি। ম্যাচের এক দিন পর সাফল্যের কৃতিত্ব দিলেন কোচ লক্ষ্মীরতন শুক্লকে। মাত্র তিন শব্দের বার্তায় লক্ষ্মীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সমাজমাধ্যমের স্টোরিতে লক্ষ্মীর সঙ্গে নিজের ছবি দেন অভিষেক। সঙ্গে লেখেন, “সবকিছুর জন্য কৃতজ্ঞ”। তিন শব্দের মাধ্যমে বাংলার কোচের প্রতি নিজের মুগ্ধতা বুঝিয়েছেন তিনি।
শতরানের দিনও লক্ষ্মীকে নিয়ে প্রচুর কথা বলেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “লক্ষ্মীরতন শুক্ল আমাদের ম্যাচ উইনার। এত বছর ক্রিকেট খেলার পর ওঁর মানসিক কাঠিন্য নিয়ে কোনও প্রশ্ন তোলা চলে না। ওঁর ক্রিকেটীয় দক্ষতা ১৯-২০ বছরের ছেলের মতো। মানসিক ভাবে যে এগিয়ে থাকে সেই সফল হয়। আমরা সৌরভ (গঙ্গোপাধ্যায়) স্যরকে দেখেছি। একজন অনুপ্রেরণা। সাম্প্রতিককালে বিরাট কোহলির মানসিক দৃঢ়তা দেখেছি। কিন্তু বাংলাতেই একজন অনুপ্রেরণা লুকিয়ে রয়েছেন। আমাদের সকলের সামনে। তিনি আমাদের কোচ, যিনি বাংলাকে বহু বহু ম্যাচ জিতিয়েছেন।”
আরও পড়ুন:
-
এশিয়াডের পদকজয়ীদের সঙ্গে দেখা করলেন মোদী, প্রধানমন্ত্রীর হাতে জার্সি তুলে দিলেন হরমনপ্রীত, হাজির শ্রেয়সেরাও
-
চোট পাওয়া অর্শদীপের শরীর লক্ষ্য করে একের পর এক বল, ওয়েস্ট ইন্ডিজ়ের পেসারের আচরণে ক্ষিপ্ত গাওস্কর
-
‘এই বোলিং নিয়ে কোনও দিন বিশ্বকাপ জিতবে না ভারত’, চতুর্থ টি-টোয়েন্টিতে হারতেই অর্শদীপদের সমালোচনা প্রাক্তন ক্রিকেটারের
শতরানের পর কেঁদে ফেলতে দেখা গিয়েছিল অভিষেককে। সেই প্রসঙ্গে বলেছিলেন, “গত দু’বছর রঞ্জিতে ভাল খেলতে পারিনি। উত্থান-পতন, চোট ছিল। ব্যক্তিগত জীবনেও অনেক কিছু হয়েছে। সেলিব্রেশনের সময় কাঁদতে চাইনি। আপনা থেকেই চোখ দিয়ে জল বেরিয়েছে। তবে উচ্ছ্বাস থেকে এটুকু পরিষ্কার, আমি মুখে কোনও কথা বলতে চাই না। স্রেফ ক্রিকেট খেলে সকলকে জবাব দিতে চাই।”