বুধবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে শামার জোসেফের একটি বলে চোট পেয়েছিলেন অর্শদীপ সিংহ। তার পরেও অর্শদীপের শরীর লক্ষ্য করে একের পর এক বল করে যান জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারের এই আচরণ ক্ষুব্ধ সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটার ধারাভাষ্যে জানিয়েছেন, অখেলোয়াড়োচিত আচরণ করেছেন জোসেফ।
ভারতের ইনিংসের শেষ দিকে ব্যাট করছিলেন অর্শদীপ। তখনও ভারতের জিততে ৩০ রান দরকার ছিল। সেই সময় শামারের একটি বল অর্শদীপের কাঁধে লাগে। তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। সে সময় ডাগআউট থেকে শ্রেয়স আয়ার হাতের ইঙ্গিত করে অর্শদীপকে জানান, অবসৃত আউট হয়ে ফিরে আসতে। অর্শদীপ তা করেননি। যন্ত্রণা নিয়েই তিনি খেলা চালিয়ে যান।
পরের বলে অর্শদীপ উইকেট ছেড়ে জোসেফের বল পুল করতে গিয়েছিলেন। উইকেট ফাঁকা থাকা সত্ত্বেও সে দিকে বল করেননি জোসেফ। তিনি অর্শদীপের শরীর লক্ষ্য করে বল করেন। সেই বল অর্শদীপের গায়ে লাগেনি। তা ওয়াইড হয়ে চার হয়ে যায়। তার পরের বলে আবার একই কাজ করেন জোসেফ।
সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন গাওস্কর। তিনি রেগে আগুন হয়ে যান। বলেন, “ও ইচ্ছে করে অর্শদীপের শরীর লক্ষ্য করে বল করছে। যখন স্টাম্প পরিষ্কার দেখা যাচ্ছে, তখন কেন অর্শদীপের শরীর লক্ষ্য করে বল করছে?” অর্শদীপ শেষ পর্যন্ত ৫ রানে অবসৃত আউট হন। ভারত ম্যাচটি হারে ২৪ রানে। তিন বল বাকি থাকতেই ভারতের ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক শ্রেয়স আয়ার।
ম্যাচের পর অর্শদীপের চোট নিয়ে এই প্রশ্ন করা হয়েছিল সঞ্জু স্যামসনকে। ভারতীয় ব্যাটার বলেন, “অর্শদীপের কাঁধে বরফ লাগানো হচ্ছে। আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একটা বল সজোরে ওর কাঁধে লেগেছে। আমরা আশা করছি খুব গুরুতর চোট লাগেনি।”
সঞ্জুর মুখে আশার কথা শোনা গিয়েছে। কিন্তু চোট কতটা গুরুতর বা শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সেই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। খালি চোখে দেখে মনে হচ্ছিল, কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে অর্শদীপের। তবে পরের ম্যাচের এখনও তিন দিন দেরি। ফলে সুস্থ হওয়ার সময় আছে।
আরও পড়ুন:
-
‘এই বোলিং নিয়ে কোনও দিন বিশ্বকাপ জিতবে না ভারত’, চতুর্থ টি-টোয়েন্টিতে হারতেই অর্শদীপদের সমালোচনা প্রাক্তন ক্রিকেটারের
-
রাজপ্রাসাদে ক্রিকেট ম্যাচ, এখনও রাহানের বিশ্বাস হচ্ছে না! যুবরাজ, সৌরভের সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতা জানালেন ব্যাটার
-
টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট! নজির গড়লেন সাউথ আফ্রিকার জোরে বোলার, আর কারও এমন রেকর্ড রয়েছে?
আপাতত সিরিজ় ২-২ রয়েছে। বেঙ্গালুরুতে হবে ফয়সালা। এই সিরিজ়ে ভারতীয় বোলারেরা খুব একটা ভাল ফর্মে নেই। দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার অর্শদীপ। ফলে বেঙ্গালুরুতে তাঁকে প্রয়োজন। কিন্তু যা পরিস্থিতি, তাতে অর্শদীপ খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পেসারের চোট নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।