কিছু দিন আগে ব্রিটেনের যুবরাজের আমন্ত্রণে লন্ডনে গিয়েছিলেন অজিঙ্ক রাহানে। সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারার পাশাপাশি যুবরাজের সঙ্গে ক্রিকেট খেলেছেন। সেই ম্যাচের অভিজ্ঞতার কথা জানালেন রাহানে। বিশ্বের অনেক মাঠে ক্রিকেট খেললেও এমন জায়গায় কোনও দিন খেলেননি। ফলে সেই খেলার ঘোর এখনও কাটছে না রাহানের।
প্রিন্স উইলিয়ামের আমন্ত্রণেই রাজপ্রাসাদে গিয়েছিলেন রাহানে, সৌরভেরা। সেখানে টেনিস বলে ক্রিকেট খেলেছেন। বাকিংহ্যাম প্যালেসের বাইরে দ্য মল নামে একটি জায়গায় ক্রিকেট ম্যাচটি হয়। প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। সৌরভ, রাহানে ছাড়াও ছিলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার জো রুট এবং হ্যারি ব্রুক।
সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সমাজমাধ্যমে রাহানে লিখেছেন, “ক্রিকেট খেলার জন্য বিশ্বের বহু মাঠে গিয়েছি। কিন্তু বাকিংহ্যাম প্যালেসের বাইরে দ্য মলে টেনিস বলে ক্রিকেট খেলব, এটা কোনও দিন ভাবিনি। এই অভিজ্ঞতা বহু দিন মনে থাকবে।”
রাহানে আরও লিখেছেন, “ভারত এবং ব্রিটেনের মধ্যে ক্রিকেটের প্রতি যে ভালবাসা, আমরা তারই উদ্যাপন করেছি। পাশাপাশি এমন একটা বার্তা তুলে দিয়েছি, যার বিস্তার সীমাহীন। প্রিন্স উইলিয়ামের পাশাপাশি কয়েকজন পুরনো বন্ধুর সঙ্গেও সময় কাটালাম। যেমন দাদা (সৌরভ), ব্রায়ান লারা, জো রুট এবং হ্যারি ব্রুক। ইংল্যান্ডে এবং নিজেদের দেশে খেলার ব্যাপারে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি আমরা।”
আরও পড়ুন:
২০২০-তে প্রিন্স উইলিয়াম সূচনা করেছিলেন ‘আর্থশট’ পুরস্কারের। পরের মাসে মুম্বইয়ে সেই পুরস্কার দেওয়া হবে। রাহানে জানিয়েছেন, সেই অনুষ্ঠানের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। পৃথিবীকে সুস্থ রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বানও করেছেন তিনি।