একুশ শতকের সেরা ১০ বোলার বেছে নিলেন দুই ইংরেজ ক্রিকেটার জস বাটলার এবং স্টুয়ার্ট ব্রড। দু’জনে মিলে ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ নামে একটি পডকাস্ট আয়োজন করেন। সেখানেই তাঁরা এই শতকের ১০ জন সেরা বোলার বেছে নিয়েছেন। সেই তালিকায় ভারতের একজনই সুযোগ পেয়েছেন। তিনি জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার চার বোলারকে সুযোগ দিয়েছেন তাঁরা।
লেগ স্পিনের জাদুকর বলে পরিচিত শেন ওয়ার্নকে প্রথম স্থানে রেখেছেন এই জুটি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১ উইকেট রয়েছে ওয়ার্নের। দু’বার বিশ্বকাপ জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি।
দ্বিতীয় স্থানে আছেন জেমস অ্যান্ডারসন। তাঁর ৯৯১টি উইকেট রয়েছে। আধুনিক ক্রিকেটে সবচেয়ে সফল পেসার। টেস্টে ইংল্যান্ডকে বহু ম্যাচ একার হাতে জিতিয়েছেন।
ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে বুমরাহ রয়েছে তিনে। তিনি এখনও পর্যন্ত ২৪৩টি ম্যাচে ৫১১টি উইকেট নিয়েছেন। ১৮ বার ইনিংসে পাঁচ উইকেট রয়েছে বুমরাহের। বিদেশের মাটিতে তিনি বেশি সফল। পাশাপাশি ভারতের স্পিন-সহায়ক পিচেও দাপট দেখিয়েছেন। ভারতের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন বুমরাহ।
চারে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে। তিনি এক দিনের বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৭১টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭৬টি ম্যাচে ৯৪৯টি উইকেট রয়েছে। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিনি পঞ্চম।
পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। এখনও পর্যন্ত তাঁর ৫৩৫টি উইকেট রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। সবচেয়ে অবাক করা ব্যাপার, আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর সবচেয়ে বেশি উইকেট রয়েছে, শ্রীলঙ্কার সেই মুথাইয়া মুরলীধরন রয়েছে ষষ্ঠ স্থানে। তাঁর মোট ১৩৪৭টি উইকেট রয়েছে। বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন।
আরও পড়ুন:
সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে ডেল স্টেন (৬৯৯ উইকেট), কাগিসো রাবাডা (৬৩১ উইকেট) এবং শন পোলক (৮২৩ উইকেট)। দশম স্থানে রাখা হয়েছে মিচেল স্টার্ককে (৭৭৩ উইকেট)।
এই তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ার নেথান লায়ন, নিউ জ়িল্যান্ডের টিম সাউদির মতো অন্যতম সফল বোলারদের রাখা হয়নি।