Advertisement
E-Paper

১৫ বছরের বৈভবের থেকে একটি গুণ ‘চুরি’ করতে চান ৩৬ বছরের সূর্যকুমার, নিজেই জানালেন প্রাক্তন অধিনায়ক

আইপিএলে খেলার সুবাদে কাছ থেকে দেখেছেন বৈভব সূর্যবংশীকে। ২১ বছরের ছোট বৈভবের থেকে একটি জিনিস শিখতে চান সূর্যকুমার যাদব। সেটি কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০১
cricket

বৈভব সূর্যবংশী এবং সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।

ভারতের হয়ে বৈভব সূর্যবংশীর যখন অভিষেক হয়, তখন তিনি আর অধিনায়ক নেই। কিন্তু আইপিএলে খেলার সুবাদে কাছ থেকে দেখেছেন বৈভব সূর্যবংশীকে। ২১ বছরের ছোট বৈভবের থেকে একটি জিনিস শিখতে চান সূর্যকুমার যাদব। ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক নিজেই সে কথা জানিয়েছেন।

দল থেকে বাদ পড়লেও এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার বলা হয় সূর্যকুমারকে। ৩৬০ ডিগ্রি শটের মতো নিত্যনতুন শট দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকেই। টি-টোয়েন্টিতে ৯০০০-এর উপর রানও রয়েছে। সেই সূর্যকুমারই চাইছেন, বৈভবের থেকে ছয় মারার কৌশল শিখতে।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের পডকাস্টে হাজির হয়েছিলেন সূর্যকুমার। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কোন ক্রিকেটারের দক্ষতা তিনি চুরি করতে চান। একটুও না ভেবে সূর্যকুমার বলেন, “একটা বাচ্চা ছেলে আছে। আপনারা সকলেই তার নাম শুনে থাকবেন। সে বৈভব সূর্যবংশী। নিঃসন্দেহে ওর ছয় মারার দক্ষতা চুরি করতে চাই।”

এখানেই শেষ নয়। সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল, কোন বোলারকে খেলতে সবচেয়ে কঠিন মনে হয়? এ বারও সূর্যকুমার না ভেবেই বলে দেন, “সে আমার দলেই রয়েছে। নাম জসপ্রীত বুমরাহ।” উল্লেখ্য, সূর্যকুমার এবং বুমরাহ দু’জনেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। ফলে বুমরাহকে নেটে একাধিক বার খেলেছেন তিনি। আবার কলকাতার হয়ে খেলার সময় সূর্যকুমার খেলেছেন বুমরাহের বলেও।

আরও একটি প্রশ্নে সূর্যকুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল, সচিন তেন্ডুলকর এবং রোহিত শর্মার মধ্যে কাকে তিনি বেছে নেবেন? সূর্যকুমারের উত্তর, “সচিন স্যারের জন্যই আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম। খুব ছোট ছিলাম তখন। ওঁকে টিভিতে খেলতে দেখতাম। আর রোহিতের সঙ্গে নিজেই ক্রিকেট খেলেছি। ওর অধীনেও খেলেছি। তাই বিষয়টা ৫০-৫০।”

Vaibhav Sooryavanshi Suryakumar Yadav

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy