Advertisement
E-Paper

কোহলির পরামর্শ শুনে এশিয়ান গেমসে নামছেন সিন্ধু, সোনা জিততে মরিয়া অলিম্পিক্সে পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড়

এশিয়ান গেমসে রুপো এবং ব্রোঞ্জ দু’টিই রয়েছে তাঁর। সোনা এখনও জিততে পারেননি। জাপানের নাগোয়ায় সেই খরা কাটাতে মরিয়া পিভি সিন্ধু। তিনি উদ্বুদ্ধ হয়েছেন বিরাট কোহলির পরামর্শে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮
sports

বিরাট কোহলি এবং পিভি সিন্ধু। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসে রুপো এবং ব্রোঞ্জ দু’টিই রয়েছে তাঁর। কিন্তু সোনা এখনও জিততে পারেননি। জাপানের নাগোয়ায় সেই খরা কাটাতে মরিয়া পিভি সিন্ধু। লড়াই কঠিন হলেও ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় মানছেন, সোনা জয় সম্ভব। এ ব্যাপারে তিনি উদ্বুদ্ধ হয়েছেন বিরাট কোহলির পরামর্শে।

গত বছর কোহলির সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল সিন্ধুর। দু’জনের কথাবার্তাও হয়েছিল। সেই সময়ের কথা উল্লেখ করে ‘এনডিটিভি’-কে দেওয়া সাক্ষাৎকারে সিন্ধু বলেছেন, “তখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। চোট পাওয়ার পর ফেরার চেষ্টা করছিলাম। কিন্তু সব প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে যাচ্ছিলাম। বিরাটের সঙ্গে দেখা হওয়ার নিজের পরিস্থিতির কথা বলি। ও আমাকে খুব সহজ একটা পরামর্শ দিয়েছিল। বলেছিল, ব্য়াডমিন্টন খেলাটা উপভোগ করো। তা হলেই সব ঠিক থাকবে।”

সিন্ধুর সংযোজন, “ওই কথাটাই আমার মধ্যে গেঁথে গিয়েছিল। কখনও আপনি ভাল খেলবেন, কখনও খারাপ। কিন্তু খেলা উপভোগ করা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ আপনার মতোই কঠোর পরিশ্রম করেছে, এটা মনে রাখা কতটা দরকার সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছিল। ওই কথাবার্তা আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে।”

এশিয়ান গেমসে দলগত ইভেন্টের সূচি জানা গেলেও ব্যক্তিগত ইভেন্টের সূচি প্রকাশিত হয়নি। সিন্ধুর মতে, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তাঁদের। তাঁর কথায়, “দলগত ইভেন্টের সূচি জানতে পেরেছি। পরের সপ্তাহে ব্যক্তিগত ইভেন্টের সূচি প্রকাশ্যে আসবে। দলগত ইভেন্টে কাজাখস্তানের বিরুদ্ধে খেলব। যদি সেটা জিতি তা হলে সামনে আসবে জাপান, যা কঠিন লড়াই। এই প্রতিযোগিতায় অনেক শক্তিশালী প্রতিপক্ষ থাকবে। আমার লক্ষ্য হল দলের জন্য নিজের অবদান রাখা এবং একটা প্রভাব ফেলা। ব্যক্তিগত ইভেন্টে এশিয়ার সেরা খেলোয়াড়েরা নামবে। চিন, জাপান, কোরিয়া এবং তাইল্যান্ডের খেলোয়াড়েরা খেলবে। প্রথম রাউন্ড থেকে প্রতিটি ম্যাচই কঠিন হবে।”

তিনি কি সোনা জিততে পারেন? সিন্ধুর জবাব, “অবশ্যই। কেন নয়। আমি প্রস্তুত। পরিস্থিতি যা-ই হোক, আমাকে নিজের সেরাটা দিতেই হবে। প্রতিটা দিন আমার কাছে গুরুত্বপূর্ণ। কোর্টে নামলে প্রতি বার নিজের ১০০ শতাংশ দেব।”

Virat Kohli PV Sindhu Asian Games 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy