এশিয়ান গেমস খেলতে জাপানের নাগোয়ায় গিয়ে প্রতি পদে সমস্যায় পড়তে হচ্ছে ক্রীড়াবিদদের। কখনও সমস্যা হচ্ছে থাকার জায়গা নিয়ে, কখনও সমস্যা খেলা নিয়ে। তবে ভারতের পতাকাবাহক হওয়া শুটার মনু ভাকের আবেদন করলেন, সব ভুলে খেলায় মন দিতে। যে কাজে সকলে এসেছেন সে দিকেই সকলকে নজর দিতে অনুরোধ করেছেন তিনি।
নাগোয়ায় গিয়ে কোনও ক্রীড়াবিদের সমস্যা হচ্ছে থাকার জায়গা নিয়ে। কেউ অভিযোগ করেছেন অনুশীলনের মাঠ অনেক দূরে বলে। পরিকাঠামোর সমস্যাও রয়েছে। মনুর মতে, খেলোয়াড়দের উচিত নিজেদের শক্তি ইভেন্টের জন্য সঞ্চয় করে রাখা।
ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রকাশিত একটি ভিডিয়োয় মনু বলেছেন, “ভারতের সকল ক্রীড়াবিদের উদ্দেশে বলতে চাই, আমাদের কিছু সমস্যা হচ্ছে। সমাজমাধ্যমে দু’-একটা সমস্যার কথা আমারও চোখে এসেছে। অনেকে আমার কাছে এসেও সমস্যার কথা বলছেন। তবে সমস্যা যা-ই থাক না কেন, আমাদের কাছে এটা এমন একটা সুযোগ বা অভিজ্ঞতা যা জীবনে হয়তো এক বারই আসবে। তাই অভিযোগ জানানোর বদলে আমাদের সময়টা উপভোগ করতে হবে।”
মনু সকলের অগ্রাধিকার ঠিক করে দিয়েছেন। জানিয়েছেন, প্রত্যেকে যথেষ্ট প্রস্তুতি নিয়ে এশিয়াডে খেলতে এসেছেন। তাই খেলতে নামলে পরিকল্পনা বাস্তবায়নের দিকেই নজর দিতে বলেছেন তিনি। মনুর কথায়, “আমরা নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে প্রস্তুতি নিয়েছি, যাতে আসল মঞ্চেও নিজেদের উজাড় করে দিতে পারি। এই জায়গায় আসার জন্য প্রচুর পরিশ্রম করেছি। তাই এটা ঠিক নয়, ওটা ঠিক নয় এ সব বলে নিজেদের শক্তি অপচয় করার কোনও অর্থ নেই। পদক আসুক বা না আসুক। এটা জীবনের অন্যতম সেরা গল্প হতে চলেছে।”
আরও পড়ুন:
এ বার ভারত মোট ৪৯৯ জন ক্রীড়াবিদকে এশিয়ান গেমসে পাঠিয়েছে। ৩৬টি খেলায় অংশ নেবেন তাঁরা। গত বারে এশিয়ান গেমস সফলতম গিয়েছিল ভারতের কাছে। তারা ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ-সহ মোট ১০৭টি পদক জিতেছিল।