Advertisement
E-Paper

বাকি আর ৯ টেস্ট! কোন অঙ্কে টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে পারবে শুভমনের ভারত

এখন ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। ভারতের পয়েন্ট ৫২। পয়েন্টের শতাংশ ৪৮.১৫। এই পয়েন্টের শতাংশের উপর ভিত্তি করেই প্রথম দুই দল ফাইনালে খেলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৬:০০
cricket

শুভমন গিল। —ফাইল চিত্র।

অঙ্ক কঠিন। কিন্তু অসম্ভব নয়। ২০২৫-২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ এখনও রয়েছে ভারতের। তবে তার জন্য লড়াই শুভমন গিলদের সামনে।

এখন ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। ন’টি টেস্টের মধ্যে তারা জিতেছে চারটি। হেরেছে চারটি। একটি টেস্ট ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ৫২। পয়েন্টের শতাংশ ৪৮.১৫। এই পয়েন্টের শতাংশের উপর ভিত্তি করেই প্রথম দুই দল ফাইনালে খেলে।

২০২৫-২৭ চক্রে ভারতের টেস্ট সিরিজ় ছিল ছ’টি। তিনটি খেলা হয়েছে। তিনটি বাকি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ভারত জিতেছে দু’টি। হেরেছে দু’টি। একটি টেস্ট ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২-০ জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ০-২ হেরে চুনকাম হয়েছে তারা।

ভারতের বাকি রয়েছে শ্রীলঙ্কা, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়। শ্রীলঙ্কা ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেখানে গিয়ে দু’টি করে টেস্ট খেলবেন শুভমনেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে খেলবেন পাঁচ টেস্টের সিরিজ়। অর্থাৎ, আর ন’টি টেস্ট বাকি ভারতের। এই ন’টি টেস্টের উপরেই নির্ভর করবে ভারত ফাইনালে উঠতে পারবে কি পারবে না।

গত তিন বার টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য গড় ৬৭.৪ পয়েন্টের শতাংশ প্রয়োজন হয়েছে। অর্থাৎ, ভারতের পয়েন্টের শতাংশ এখনও ২০ কম। দেখে নেওয়া যাক, বাকি তিন সিরিজ়ে ভারতের ফল কেমন হলে কোন জায়গায় পৌঁছোবে তারা।

১) ৯ জয়, ০ হার— ভারত যদি বাকি ন’টি টেস্টেই জেতে তা হলে তাদের পয়েন্টের শতাংশ হবে ৭৪। সে ক্ষেত্রে ভারতের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত।

২) ৮ জয়, ১ হার— ভারত আটটি টেস্ট জিততে পারলে ৬৮.৫ পয়েন্টের শতাংশে পৌঁছোবে। সে ক্ষেত্রেও ভারতের ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত।

৩) ৭ জয়, ২ হার— এই ফল হলে ভারতের পয়েন্টের শতাংশ হবে ৬৩। সে ক্ষেত্রেও সুযোগ রয়েছেন। কারণ, ২০২৩ সালে ৫৮ পয়েন্টের শতাংশ নিয়ে ভারত ফাইনাল খেলেছিল।

৪) ৬ জয়, ২ ড্র, ১ হার— এই ফল হলে ভারতের পয়েন্টের শতাংশ হবে ৫৯। সে ক্ষেত্রেও ভারতের সুযোগ থাকছে।

৫) ৬ জয়, ৩ হার— এই ফল হলে ভারতের পয়েন্টের শতাংশ হবে ৫১। সে ক্ষেত্রে ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে একটি সিরিজ় খেলবে। সেখানে পয়েন্টের শতাংশ বদলাবে। ফলে ভারতের সামনে সুযোগ রয়েছে। তবে তার জন্য নিজেদের ম্যাচ জিততে হবে তাদের। শনিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হবে সেই লড়াই।

India Cricket WTC 2025-27

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy