মহম্মদ শামি, অভিমন্যু ঈশ্বরণের মতো ক্রিকেটারদের নেতৃত্বে বৈভব সূর্যবংশী। ১৫ বছরের ক্রিকেটারের কাঁধে গুরুদায়িত্ব তুলে দিল পূর্বাঞ্চল। দলীপ ট্রফির ম্যাচে মধ্যাঞ্চলের বিরুদ্ধে নেতৃত্ব দিল বৈভব। যদিও ম্যাচ শুরুর সময় তার নাম অধিনায়ক হিসাবে ছিল না।
প্রথম থেকেই পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক করা হয় বৈভবকে। রবিবার অধিনায়ক ঈশান কিশন চোট পেয়ে মাঠ ছাড়ায় নেতৃত্বের দায়িত্ব নিতে হয় বৈভবকে। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসের ১৯তম ওভারে ডান হাতে চোট পান উইকেটরক্ষক ঈশান। দৌড়ে আসেন দলের ফিজিয়ো এবং চিকিৎসক। প্রাথমিক শুশ্রূষার পরও উইকেটরক্ষা করতে অসুবিধা বোধ করায় মাঠ ছাড়তে হয় ঈশানকে। উইকেটরক্ষকের দায়িত্ব নেন কুমার কুশাগ্র। নেতৃত্বের দায়িত্ব নিতে হয় সহ-অধিনায়ক বৈভবকে।
মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার ঘটনা বিরল। ২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। এখনও পর্যন্ত ন’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে বৈভব। দশম ম্যাচেই নেতৃত্বের দায়িত্ব নিতে হল তাকে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই কিশোর ক্রিকেটারকে দলের সহ-অধিনায়ক করেছিলেন পূর্বাঞ্চলের নির্বাচকেরা। হঠাৎ নেতৃত্বের দায়িত্ব পেয়ে বৈভব আগ্রাসী মানসিকতার পরিচয়ই দিয়েছে। পূর্বাঞ্চলের বিরুদ্ধে খুব ভাল অবস্থায় নেই রজত পটীদারের দল। ১২৫ রানে ৫ উইকেট হারায় তারা।
আরও পড়ুন:
ঈশানের চোট কতটা গুরুতর তা জানানো হয়নি পূর্বাঞ্চল শিবির থেকে। মাঠ থেকে উঠে যাওয়ার পর ডান হাতের কব্জিতে মোটা ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বৈভব আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে পূর্বাঞ্চলকে।