এশিয়ান গেমসে ভারত পূর্ণশক্তির টি-টোয়েন্টি দল পাঠাচ্ছে। তবে সেই প্রতিযোগিতায় কোচিং করাবেন না গৌতম গম্ভীর। বৃহস্পতিবার বোর্ড জানিয়েছে, ভিভিএস লক্ষ্মণকে এশিয়াডে কোচ করে পাঠানো হচ্ছে। গত বারের এশিয়াডেও তিনিই কোচ ছিলেন। এ দিন ক্রীড়া মন্ত্রকের তরফেও লক্ষ্মণের নাম চূড়ান্ত করা হয়েছে।
এশিয়ান গেমসের সময়ে ভারতের এক দিনের সিরিজ় চলবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। সেটি শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর। এশিয়ান গেমসে ক্রিকেট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। ফলে গম্ভীরের পক্ষে দু’জায়গায় একসঙ্গে কোচিং করানো কোনও ভাবেই সম্ভব নয়। তাই লক্ষ্মণকে জাপানে পাঠানো হচ্ছে।
লক্ষ্মণ একা নন। তিনি পাশে পাবেন সুনীল যোশী, হৃষিকেশ কানিতকর এবং শুভদীপ ঘোষ। টিম লিডার হিসাবে যাচ্ছেন মারুফ ফজনদার। ভারতের মহিলা দলের কোচ হিসাবে অমল মুজুমদার এবং আবিষ্কার সালভি সঙ্গে যাচ্ছেন।
ভারতের দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। সহ-অধিনায়ক তিলক বর্মা। ভারতের দলে বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে। জসপ্রীত বুমরাহও আছেন।
এই প্রথম নন, লক্ষ্মণ আগের এশিয়ান গেমসেও ভারতের কোচ হিসাবে গিয়েছিলেন। চিনের সেই প্রতিযোগিতায় ভারত সোনা জিতেছিল। এ ছাড়া একাধিক টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ভারতের কোচ হিসাবে কাজ করেছেন। তার মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় রয়েছে।
আরও পড়ুন:
এই নিয়ে চতুর্থ বার এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজিত হচ্ছে। প্রথম দু’বার ভারত অংশগ্রহণ করেনি। এ বার ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাছাই হিসাবে খেলবে। বাকি দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেখান থেকে তারা কোয়ার্টার ফাইনালে বাছাই করা দলগুলির সঙ্গে খেলবে।