শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে রেখে গল টেস্ট জিততে চায় ভারতীয় দল। ম্যাচের শেষ দিনও চাপ আলগা করতে চান না শুভমন গিলেরা। মঙ্গলবার খেলা শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন দেবদত্ত পাডিক্কল।
গল টেস্টের শেষ দিনও আগ্রাসী ক্রিকেট খেলবে ভারতীয় দল। পাডিক্কল বলেছেন, ‘‘আমাদের প্রথম লক্ষ্যই থাকবে শ্রীলঙ্কাকে আবার চাপে ফেলা। শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে।’’ বুঝিয়ে দিয়েছেন যত দ্রুত সম্ভব ম্যাচ শেষ করার লক্ষ্য নিয়েই বুধবার মাঠে নামবেন তাঁরা। বৃষ্টি যাতে জয়ের পথে বাধা হতে না পারে, তা নিশ্চিত করতে চায় ভারতীয় শিবির।
পাডিক্কল ভারতের তিন নম্বর ব্যাটারের সমস্যাও মিটিয়ে দিতে চান। গলের শতরান তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘‘বেশ কিছু জিনিস নিয়ে কাজ করেছি। সাদা বল এবং লাল বল এক নয়। ব্যাট করার টেকনিকও আলাদা। সাদা বল কী ভাবে খেলতে হয়, সেটা আগেই আয়ত্ত্ব করেছি। এখন লাল বল খেলার দক্ষতা বাড়াতে চাইছি। ক্রমশ উন্নতি করছি। আশা করি আরও ভাল করতে পারব।’’
চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারছেন না সাই সুদর্শন। তাঁর জায়গাতেই সুযোগ পেয়েছেন। এ নিয়ে পাডিক্কল বলেছেন, ‘‘সুদর্শন ভালই পারফর্ম করেছে। খুব প্রতিভাবান ক্রিকেটার। ওর সঙ্গে আমার কোনও লড়াই নেই। শুধু সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছি।’’ উপভোগ করছেন লোকেশ রাহুলের সঙ্গে ব্যাটিং। পাডিক্কল বলেছেন, ‘‘রাহুল ভাইয়ের সঙ্গে ব্যাটিং করে দারুণ লেগেছে। আমাদের জুটিটাও বেশ ভাল হয়েছে। আমরা একসঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি। আমি কী ভাবে খেলি, সেটা রাহুল ভাই জানে। এটা আমায় সাহায্য করেছে।’’ প্রশংসা করেছেন ঋষভ পন্থের আগ্রাসী অর্ধশতরানের। পাডিক্কলের বক্তব্য, ‘‘পন্থ দুর্দান্ত। ওর ব্যাটিং বিনোদনে ভরপুর। দুর্দান্ত সব মুহূর্ত তৈরি করে। প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। ওর মতো ক্রিকেটার দলে থাকলে কে না খুশি হয়।’’
বোলারদের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বসিত পাডিক্কল। বিশেষ করে জোরে বোলারদের নিয়ে। তিনি বলেছেন, ‘‘এই পিচে জোরে বোলারদের জন্য তেমন কিছু নেই। খুব বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। তা-ও মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ আগ্রাসী বোলিং করেছে। উইকেটও নিয়েছে। পিচে বল বেশ ভাল ঘুরছে। বুধবার হয়তো আরও স্পিন করবে। আমাদের সুবিধাই হবে।’’