Advertisement
E-Paper

পিছিয়ে পড়েও বিশ্ব ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য, মহিলাদের সিঙ্গলসে জিতলেন ১৮ বছরের উন্নতি

প্রথম গেমে কিছুটা মন্থর ছিলেন লক্ষ্য সেন। প্রতিপক্ষকে বুঝে নেওয়ার চেষ্টা করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গেম জিতে নেন কলিন্স ভ্যালেন্টাইন ফিলিমোন। তবে পরের দুই গেমে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি বিশ্বের ১৪ নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ২১:৩৯
Picture of Sports

লক্ষ্য সেন। ছবি: এক্স।

পিছিয়ে পড়েও বিশ্ব ব্যাডমিন্টনে জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য সেন। পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রিয়ার কলিন্স ভ্যালেন্টাইন ফিলিমোনকে লক্ষ্য হারালেন ১৬-২১, ২১-৮, ২১-৪ ব্যবধানে। প্রথম গেমে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়কে চেনা ফর্মে দেখা যায়নি। তবে পরে দু’টি গেমে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি লক্ষ্য।

প্রথম গেমে কিছুটা মন্থর ছিলেন লক্ষ্য। প্রতিপক্ষকে বুঝে নেওয়ার চেষ্টা করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গেম জিতে নেন ফিলিমোন। বিশ্বের ১১১ নম্বর খেলোয়াড়ের কাছে কি বিশ্বের ১৪ নম্বর হেরে যাবেন? বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই ছিটকে যাবেন। একটা সময় এমন আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু লক্ষ্য তেমন কিছু হতে দেননি। দ্বিতীয় এবং তৃতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। লক্ষ্যের আগ্রাসী ব্যাডমিন্টনের কোনও জবাব দিতে পারেননি অস্ট্রিয়ার ২৮ বছরের খেলোয়াড়।

ম্যাচের পর লক্ষ্য মেনে নিয়েছেন প্রথম গেমে প্রত্যাশা মত পারফর্ম করতে পারেননি। তিনি বলেছেন, ‘‘প্রথম গেমটা ঠিক মতো খেলতে পারিনি। একটু জোরে হাওয়া দিচ্ছিল। প্রতিটা শট মারার সময় মনে হচ্ছিল, একটু জোরে মারলেই বোধহয় কোর্টের বাইরে চলে যাবে। সাবলীল হতে পারছিলাম না। দ্বিতীয় গেমে কোর্টের অন্য প্রান্তে যাওয়ায় সুবিধা হয়েছে। ফিলিমোনকে লম্বা লম্বা র‌্যালি খেলাতে পেরেছি। আমার শটগুলোও ঠিকঠাক হয়েছে।’’ লক্ষ্য আরও বলেছেন, ‘‘প্রথম গেমে আমার শটগুলো ঠিক মতো হচ্ছিল না। কঠিন ছিল পরিস্থিতি। ফিলিমোন ওর উচ্চতার সুবিধা কাজে লাগাতে পেরেছে। তাই ঠিক করেছিলাম, ঠিক ভাবে শট মারতে আর ফিলিমোনকে বড় র‌্যালি খেলানো। তাতেই ঠিকঠাক হয়েছে। তৃতীয় গেমে আত্মবিশ্বাস ফিরে পাই। শেষ গেমটা ভালই খেলেছি।’’

মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন উন্নতি হুডা। ১৮ বছরের উন্নতি ২২-২০, ২১-১৬ ব্যবধানে সরাসরি হারিয়েছেন মায়ানমারের থেত হতার থুজ়ারকে। ৪০ মিনিটে ম্যাচ বের করে নিয়েছেন উন্নতি।

BWF World Championships badminton Lakshya Sen

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy