প্রথম ৫ ওভারেই ৪০ ওভারের ম্যাচ জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। এমনটাই জানালেন কিমো পল। ভারতের পাঁচ ব্যাটারকে আউট করে বল হাতে নায়ক তিনি। কিন্তু কী ভাবে বল করতে হবে সেই বার্তা নাকি খেলা শুরুর ৫ ওভার পরেই পেয়ে গিয়েছিলেন পলেরা। ভারতকে হারানোর নেপথ্য কারণ ফাঁস করলেন তিনি।
হায়দরাবাদে শুরুতে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ব্যাটারদের পরামর্শ কাজে লাগান বোলারেরা। খেলা শেষে পল বলেন, “প্রথম ৫ ওভার পরেই ব্যাটারেরা বলে পাঠিয়েছিল, উইকেট খুব ভাল। দু’একটা বল পিচে পড়ে থমকাচ্ছে। কিন্তু মোটের উপর পিচ ব্যাটিং সহযোগী। তখনই আমরা পরিকল্পনা করে ফেলেছিলাম।”
কী পরিকল্পনা তাঁরা করেছিলেন তা-ও জানিয়েছেন পল। তিনি বলেন, “আমরা বুঝতে পেরেছিলাম, এই পিচে মন্থর বল কাজে লাগবে। সিরিজ়ের বাকি ম্যাচগুলোয় পিচে বল থমকাচ্ছিল না। কিন্তু এখানে সেটা হচ্ছিল। তাই উইকেটেই বল রাখার চেষ্টা করেছি। যতটা সম্ভব ইয়র্কার ও মন্থর বলের উপর জোর দিয়েছি। তাতেই কাজ হয়েছে। আমরা জানতাম ওরা বড় শট মারার চেষ্টা করবে। কিন্তু বলের পেস কম থাকায় সমস্যা হয়েছে। ক্যাচ উঠেছে।”
আরও পড়ুন:
অথচ ভারতীয় বোলারেরা এই ভুলটাই করেছেন। ময়ঙ্ক যাদব, অর্শদীপ সিংহেরা ক্রমাগত জোরে বল করার চেষ্টা করেছেন। তাতে শাই হোপ, শারফেন রাদারফোর্ডদের কাজটা সহজ হয়ে গিয়েছে। গতি বেশি থাকায় ব্যাটের ছোঁয়ায় একের পর এক বল গ্যালারিতে গিয়ে পড়েছে। ক্যারিবীয় বোলারেরা সেই ভুলটা করেননি।
পাশাপাশি হায়দরাবাদে শিশির পড়েনি। তাতে বোলারেরা সুবিধা পেয়েছেন। পল বলেন, “এই সিরিজ়ে বড় বড় রান তাড়া হয়েছে। তার বড় কারণ শিশির। কিন্তু হায়দরাবাদে শিশির পড়েনি। ফলে দ্বিতীয় ইনিংসে বল করতে সমস্যা হয়নি। আশা করছি বেঙ্গালুরুতেও এই ছন্দ আমরা ধরে রাখতে পারব।”
পর পর দু’বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ়। কোনও ম্যাচই একতরফা হয়নি। সিরিজ় এখন ২-২। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে হবে ফয়সালা। তার আগে হায়দরাবাদে এই জয় ওয়েস্ট ইন্ডিজ়ের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। পলের কথায় সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।