চোট-আঘাতের সঙ্গী খারাপ ফর্ম। ভারতের সাদা বলের দল থেকে বাদ পড়েছেন ঋষভ পন্থ। টেস্ট দলে জায়গা ধরে রাখতে পারলেও টি-টোয়েন্টি বা এক দিনের দলের জন্য পন্থকে বিবেচনা করছেন না জাতীয় নির্বাচকেরা। এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের দলে জায়গা না পাওয়া পন্থ এখন ইরানি কাপে ব্যস্ত। তার মাঝেই মুখ খুলেছেন এক দিনের দল থেকে বাদ পড়া নিয়ে।
ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশকে নেতৃত্ব দেবেন পন্থ। ঘরোয়া লাল বলের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন উইকেটরক্ষক-ব্যাটার। দল থেকে বাদ পড়ে হতাশ হলেও পন্থের বক্তব্য, উত্থান-পতন খেলোয়াড়জীবনের অঙ্গ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পন্থ বলেছেন, ‘‘দলে জায়গা না পেলে খারাপ তো লাগেই। একজন খেলোয়াড়কে মানসিক ভাবে তৈরি থাকতে হয়। হতাশাও যেমন থাকবে, ফিরে আসার রাস্তাও থাকবে। খেলোয়াড়দের প্রতিদিনের জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয়। কেউ বলতে পারেন আমার সঙ্গে ঠিক হয়নি বা আমার সঙ্গে অমুক হয়েছে। কিন্তু আসল হচ্ছে, এ সব কিছুই খেলোয়াড়দের জীবনের অংশ।’’ পন্থ জানিয়েছেন, তিনি নিজের উপর আস্থা হারাননি। দলে জায়গা ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন।
সাদা বলের ক্রিকেটে লোকেশ রাহুল, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেলের মতো ক্রিকেটারেরা কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছেন পন্থকে। সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না পন্থ। তিনি বলেছেন, ‘‘প্রতিদিন সাফল্য বাস্তবায়িত করার জন্য একটা ভাবনা থাকে। মাথায় কিছু বিষয় চলতে থাকে। শৃঙ্খলাবদ্ধভাবে চলতে হয়। সারাক্ষণ বাইরে থেকে মতামত দেওয়া সহজ। কিন্তু আসল হচ্ছে, মানুষকে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কোনও সন্দেহ নেই আমাকেই নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। তবে আমার মনে হয় নিজের সেরাটা দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ পাইনি। তা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট দ্রুত বদলে যাচ্ছে। কখনও কখনও সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। পরিস্থিতি অনুকূলে আসতে দিতে হয়।’’
আরও পড়ুন:
আগামী বছরের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়কে গুরুত্ব দিয়ে শ্রেয়স আয়ারদের সঙ্গে তিনি এশিয়ান গেমসে যাননি। তাঁর পরিকল্পনায় আপাতত পন্থ নেই। বিশ্বকাপের পরিকল্পনায় ঢুকতে হলে পন্থকে ঘরোয়া সাদা বলের ক্রিকেটে পারফর্ম করতে হবে।