Advertisement
E-Paper

ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জ়াহির! বাকিদের বাদ দিয়ে কেন প্রাক্তন জোরে বোলারকে বেছে নেওয়া হল?

সোমবার চেন্নাই সুপার কিংস নতুন কোচের নাম ঘোষণা করেছে। জ়াহির খানকে বেছে নেওয়া হয়েছে। তার পরেই জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শে কোচ করা হয়েছে জ়াহিরকে। কেন জ়াহিরকেই বেছে নেওয়া হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭
cricket

জ়াহির খান এবং মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

সোমবার চেন্নাই সুপার কিংস নতুন কোচের নাম ঘোষণা করেছে। প্রাক্তন জোরে বোলার জ়াহির খানকে বেছে নেওয়া হয়েছে স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসাবে। তার পরেই জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শে কোচ করা হয়েছে জ়াহিরকে। কিন্তু বাকিদের বাদ দিয়ে কেন জ়াহিরকেই বেছে নেওয়া হল?

শোনা গিয়েছে, কোচিংয়ের ব্যাপারে বেশ কয়েক জনকে বেছে নেওয়া হয়েছিল। এগিয়ে ছিলেন হেমঙ্গ বাদানি। কিন্তু চেন্নাইয়ের শর্ত বাকিরা মানতে রাজি হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফ্লেমিংয়ের পদত্যাগের পর চেন্নাই চাইছিল একজন ভারতীয় কোচ। গত দু’মাসে অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। তার পরেই বেছে নেওয়া হয়েছে জ়াহিরকে।

চেন্নাইয়ের মুখ্য কর্তা কাশী বিশ্বনাথন ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, “এমএস-ই জ়াহিরকে বেছে নিয়েছে। রুপা (গুরুনাথ) এবং রুতুরাজ গায়কোয়াড়-সহ যারা ক্রিকেট পরিচালন সমিতিতে রয়েছে তারাও মেনে নিয়ে জ়াহিরই এই পদের জন্য সবচেয়ে যোগ্য। আইপিএলে মুম্বই এবং লখনউয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওর। তাই আমরা মনে করেছি ও-ই সঠিক বিকল্প।”

ফ্লেমিংয়ের উত্তরসূরি বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে। তিনিই আমেরিকা থেকে ফেরার পর বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলেন। এর পর দলের মালিকদের সঙ্গেও একপ্রস্থ আলোচনা হয়। গত দু’দিন আলোচনার পর জ়াহিরের নাম চূড়ান্ত করা হয়।”

জানা গিয়েছে, চেন্নাই এমন একজন ভারতীয় কোচ চেয়েছিল যিনি সব নজর দেবেন শুধু আইপিএলেই। বিশ্বের বাকি কোনও দলের সঙ্গে যাঁর চুক্তি থাকবে না। জ়াহির সেই দলে পড়েন। তিনি ইউরোপিয়ান টি২০ প্রিমিয়ার লিগে অ্যান্টোয়ার্প অ্যাঙ্কর্সের সহ-মালিক। এ ছাড়া বিশ্বের আর কোনও টি-টোয়েন্টি দলের সঙ্গে তাঁর যোগ নেই। ফলে চেন্নাইয়ের কাজ সামলে পরিবারকেও সময় দিতে পারবেন তিনি।

কাজের ধরনের ব্যাপারেও বাকিদের থেকে এগিয়ে তিনি। তাঁর শান্ত, ধীর মানসিকতা চেন্নাইয়ের শিবিরকে উদ্বুদ্ধ করবে বলে মনে করা হচ্ছে। বিশ্বনাথন বলেছেন, “জ়াহিরের থেকে ভাল কোচ আর পেতাম না। তবে এই পদের জন্য ওকে রাজি করানো সহজ ছিল না। বেশ সময় লেগেছে। তার পরেই ও যোগ দিতে রাজি হয়েছে।”

সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন জ়াহির। দলও রাজি। বিশ্বনাথন বলেছেন, “জ়াহির নিজেই সহকারীদের বেছে নেবে।” শ্রীধরন শ্রীরাম এবং রাজীব কুমার দায়িত্বে থাকতে পারেন। ব্যাটিং কোচ হিসাবে বিদেশি কাউকে ভাবা হচ্ছে।

আপাতত জ়াহিরের প্রধান কাজ ডিসেম্বরের মিনি নিলামের আগে কাদের ধরে রাখা হবে তার তালিকা প্রস্তুত করা। আপাতত এক বছরের চুক্তি হলেও তা বাড়ানো হতে পারে।

বিশ্বনাথনের কাছে ধোনির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এক বাক্যে উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, “ও ক্রিকেটার হিসাবে খেলার জন্য তৈরি।”

MS Dhoni Zaheer Khan CSK

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy