E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অপ্রতিরোধ্য মেসি, দুরন্ত জয় মায়ামির

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মায়ামিকে এগিয়ে দেন হেরমান বেরতেরামে। দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসি-জাদু। চার মিনিটের ব্যবধানে করেন দুটি গোল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ০৭:১৯
কিংবদন্তি: জোড়া গোলের পরে উল্লসিত মেসি। আটলান্টায়।

কিংবদন্তি: জোড়া গোলের পরে উল্লসিত মেসি। আটলান্টায়। ছবি: এক্স।

লিয়োনেল মেসির জাদু অব্যাহত। ২০২৬ বিশ্বকাপে আটলান্টার মার্সিডিজ় বেঞ্জ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ভারতীয় সময় রবিবার ভোরে সেই মাঠেই মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করলেন ৩৯ বছর বয়সি মেসি। ৩-১ জিতল ইন্টার মায়ামি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মায়ামিকে এগিয়ে দেন হেরমান বেরতেরামে। দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসি-জাদু। চার মিনিটের ব্যবধানে করেন দুটি গোল। ৫৬ মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে পেনাল্টি বক্সের সামনে বেরতেরামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করেন। তার পরে আটলান্টার এক ডিফেন্ডারকে বিভ্রান্ত করে নিচু শটে গোল করেন। চার মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। এ বার লুইস সুয়ারেসের পাস ধরে দৌড় শুরু করেন মেসি। আটলান্টার ডিফেন্ডার অনেক চেষ্টা করেও মেসিকে আটকাতে ব্যর্থ হন। গোলরক্ষক লুকাস হোয়োসকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চলতি মরসুমে এমএলএসে ২৫তম গোল করলেন মেসি। লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে তাঁর ধারেকাছে কেউ নেই। ম্যাচের পরে উচ্ছ্বসিত মায়ামির ম্যানেজার ক্রিশ্চিয়ান গঞ্জালেজ বলেছেন, “মেসি সব সময়ই বিশ্বকে অবাক করে দিতে পারে। ৩৯ বছরে বয়সে কেউ এ রকম ফুটবল খেলছে, না দেখলে বিশ্বাস করা যায় না।”

৮৯ মিনিটে পেনাল্টি থেকে ফাফা পিকো ব্যবধান কমালেও আটলান্টার হার বাঁচাতে পারেননি। ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলা মায়ামি ৩০ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ স্থানে থাকা ন্যাশভিলের ৫৫ ম্যাচে ৬৭ পয়েন্ট।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Lionel Messi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy