ইউরোপের সঙ্গে সুর মেলাল উত্তর আমেরিকাও। বেসরকারি সংস্থার কাছে বিশ্বকাপ ফুটবল বিক্রি করে দেওয়া সংক্রান্ত জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবের বিরুদ্ধে সরব আমেরিকা, মেক্সিকো, কানাডা, কোস্টারিকা, পানামার মতো দেশগুলিও। কনকাকাফের ৪১টি সদস্য দেশই ফিফা সভাপতির বিরোধিতা করেছে।
জানা গিয়েছে, ফিফা একটি সংস্থা তৈরি করতে চাইছে। তার নাম ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতা পরিচালনা করবে এই সংস্থা। জিয়ান্নি ইনফান্তিনোদের আশা, সংস্থার অন্তত ২১ শতাংশ মালিকানা বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা যাবে। এতে ফিফার পকেটে ৪০ হাজার কোটি টাকা ঢুকবে। ফিফা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রাম’ নামের একটি প্রকল্প চালু করা হবে। তার মাধ্যমে সরাসরি ওই ৪০ হাজার কোটি টাকা সদস্য দেশগুলির ফুটবল সংস্থাদের পাঠানো হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই বিষয়ে ফিফাকে পরামর্শ দিচ্ছে জেপি মর্গ্যান। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস’ সংস্থাটির মাথায় বসতে পারেন জোশুয়া কুশনার। তিনি সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের ভাই।
এই প্রস্তাবের বিরুদ্ধেই সুর চড়তে শুরু করেছে। একই পথে হেঁটেছে কনকাকাফও। বৃহস্পতিবার বৈঠক করেছে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ-সহ ৪১টি দেশের ফুটবল সংগঠন। তার পরই ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। বৈঠকে কনকাকাফের সদস্যেরা প্রস্তাবটি নিয়ে যথাযথ প্রক্রিয়ার অভাব, কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া, সংক্ষিপ্ত সময়সীমা এবং ফিফা পরিচালন পর্ষদের পর্যালোচনা বা অনুমোদনহীন প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও, সবচেয়ে লাভজনক ফিফা বিশ্বকাপের পর নতুন ফিফা ফরোয়ার্ড কর্মসূচিগুলিতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আরও স্বচ্ছতা এবং কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবারই ইউরোপীয় দেশগুলির সদস্যেরা অনলাইন বৈঠক করেন। তার পর উয়েফা বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতা ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সর্বসম্মত এবং দ্ব্যর্থহীন ভাবে খারিজ করে দেওয়া হচ্ছে। যত ক্ষণ এই প্রস্তাবের আলোচনা চালিয়ে যাওয়া হবে, তত দিন উয়েফার অধীনে থাকা জাতীয় দলগুলি ফিফার প্রতিযোগিতায় খেলবে না। ফিফাকে প্রতিশ্রুতি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনও দিন এই ধরনের প্রস্তাব আবার শুরু না করা হয়।