Advertisement
E-Paper

রাজকীয় অভ্যর্থনা ব্রাজ়িলকে! চার্টার্ড বিমানে কলকাতা আনা হবে ভিনিসিয়াসদের, ফেরার সময়েও বিশেষ ব্যবস্থা

ভারতে খেলতে আসার আগে অস্ট্রেলিয়া যাবে ব্রাজ়িল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতিম্যাচ খেলবেন ভিনিসিয়াসেরা। সেখান থেকে সরাসরি ১ অক্টোবর কলকাতায় আসবে দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৬
football

ভিনিসিয়াস জুনিয়র। —ফাইল চিত্র।

প্রীতিম্যাচ খেলতে কলকাতায় আসছে ব্রাজ়িল। ৩ অক্টোবর যুবভারতীতে ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে পাঁচ বারের বিশ্বজয়ীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

জানা গিয়েছে, ব্রাজ়িলের ফুটবলারদের বিশেষ চার্টার্ড বিমানে কলকাতা আনা হবে। ভারতে খেলতে আসার আগে অস্ট্রেলিয়া যাবে ব্রাজ়িল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতিম্যাচ খেলবেন ভিনিসিয়াসেরা। সেখান থেকে সরাসরি ১ অক্টোবর কলকাতায় আসবে দল।

১১ ঘণ্টার বিমানযাত্রার ধকল যাতে ফুটবলারদের উপর না পড়ে তার জন্যই চার্টার্ড বিমানের বন্দোবস্ত করা হয়েছে। এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল সংস্থা ও ব্রাজ়িল ফুটবল সংস্থার মধ্যে কথাবার্তা চলছে। জানা গিয়েছে, সব মিলিয়ে ৯০ জন আসছেন ব্রাজ়িল দলের সঙ্গে। ব্রাজ়িল জানিয়েছে, ফুটবলার, কোচ কার্লো আনচেলোত্তি ও ব্রাজ়িল ফুটবল সংস্থার সভাপতি সমির সাউদ-সহ মোট ৩০ জনের জন্য বিজ়নেস ক্লাস আসনের ব্যবস্থা করতে হবে।

‘টাইমস অফ ইন্ডিয়া’-কে ফুটবল সংস্থার এক আধিকারিক বলেছেন, “ব্রাজ়িল বিশ্বফুটবলের সবচেয়ে সফল দল। বিশ্বের সেরা ফুটবলারেরা আসছেন। তাই তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা তো করতেই হবে।” তিনি আরও বলেন, “চার্টার্ড বিমানে বিজ়নেস ক্লাস আসনে আসবেন ফুটবলারেরা। কলকাতায় নামার দু’দিন পরেই খেলা। ১১ ঘণ্টা বিমানযাত্রার পরেও যাতে কোনও ধকল না থাকে তার জন্যই এই ব্যবস্থা।”

জানা গিয়েছে, বিমানবন্দরে নামার পর অভিবাসন সংক্রান্ত বিষয়ের জন্যও অপেক্ষা করতে হবে না ব্রাজ়িলের ফুটবলারদের। বিমানেই সব প্রক্রিয়া শেষ করা হবে। অর্থাৎ, বিমানবন্দরে নেমে সরাসরি হোটেলে চলে যাবেন ফুটবলারেরা।

শুধু ব্রাজ়িল নয়, উরুগুয়ের ফুটবলারেরাও চার্টার্ড বিমানে কলকাতায় আসবেন। তাঁরা জাপান থেকে সরাসরি কলকাতায় আসবেন। উরুগুয়েও দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দল। তাই তাদেরও বিশেষ ভাবে অভ্যর্থনা জানানো হবে। জানা গিয়েছে, ব্রাজ়িল আসার আগে কলকাতা বিমানবন্দরে বেশ কিছু পরিবর্তন করা হবে। যুবভারতীতেও বেশ কিছু বদল হবে। সে দিকে ফুটবল সংস্থার পাশাপাশি নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার।

ফেরার সময়ও বিশেষ ব্যবস্থা করা হয়েছে ব্রাজ়িলের ফুটবলারদের জন্য। তাঁদের বিজ়নেস ক্লাস আসনের ব্যবস্থা করা হয়েছে। তবে ভিনিসিয়াস, রাফিনহা, এনড্রিকের মতো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলা ফুটবলারদের ফেরার ব্যবস্থা তাঁদের ক্লাব করেছে। ব্যক্তিগত বিমানে তাঁদের স্পেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

AIFF India Football Team Brazil Football Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy