অবশেষে ভারতীয় ফুটবলে ভাল খবর। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএলের ক্লাবগুলির যে দীর্ঘদিনের সমস্যা চলছিল তা মেটার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, আইএসএলের ক্লাবগুলির সঙ্গে শেষ পর্যন্ত একটি চুক্তি করেছে তারা।
আইএসএলের প্রশাসনিক ও বাণিজ্যিক অধিকার কাদের দখলে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে ফেডারেশন ও ক্লাবগুলির আলোচনা চলছিল। অবশেষে একটা সুরাহা হয়েছে। সাংবাদিক বৈঠকে ফেডারেশনের কর্তারা জানিয়েছেন, প্রতিযোগিতার প্রশাসনিক অধিকার ফেডারেশনের হাতেই থাকবে। তবে বাণিজ্যিক অধিকার থাকবে ক্লাবগুলির দখলে।
ফেডারেশন জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তৎপরতার কারণেই সমস্যা মিটেছে। ভারতীয় ফুটবলের উন্নতি ও আইএসএলকে এশিয়ার অন্যতম সেরা প্রতিযোগিতা হিসাবে তুলে ধরাই তাদের লক্ষ্য।
সাংবাদিক বৈঠকে ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা বলেন, “আমাদের আপস করতে হয়েছে। আমরা ক্লাবগুলোর সঙ্গে একটা চুক্তি করেছি। আইএসএলের বাণিজ্যিক অধিকার ক্লাবগুলোর দখলে থাকবে। কিন্তু প্রশাসনিক অধিকার আমাদের। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে আমাদের কথা হয়েছে।”
আরও পড়ুন:
ওই কর্তা জানিয়েছেন, গত ১০ বছর ধরে যে ক্লাবগুলি আইএসএলে খেলছে, তাদের দাবি মেনে নিয়েছেন তাঁরা। তিনি বলেন, “আমরা দু’পক্ষের কথা ভেবেছি। ফুটবলার ও ১০ বছর ধরে এই লিগের সঙ্গে যুক্ত থাকা ক্লাবগুলো এক পক্ষ। অপর পক্ষ হল ভারতীয় ফুটবলের দর্শকেরা। আমাদের কাজ ভারতীয় ফুটবলের উন্নতি। যাতে দর্শকেরা আরও ভাল ভাবে ম্যাচ দেখতে পান, সে দিকটাও দেখতে হচ্ছে। তাই সব দিক খতিয়ে এই চুক্তি করা হয়েছে।”
গত এক বছর ধরে নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় ফুটবল। নতুন বিনিয়োগকারী ঠিক না হওয়ায় সময়ে লিগ শুরু করা যায়নি। ফলে ছোট লিগ করতে হয়েছে। সম্প্রচার নিয়েও সমস্যা হয়েছে। তাতে এশিয়ার ফুটবলে ভারতের মানহানি হয়েছে। আর যাতে তা না হয় তার জন্য সচেষ্ট ভারতীয় ফুটবল সংস্থা। সেই কারণেই ক্লাবগুলির সঙ্গে নতুন চুক্তি করেছে তারা। এখন দেখার, এতে আইএসএলের সমস্যা মেটে কি না।