ডুরান্ড কাপের ডার্বির চার দিন আগে আশ্চর্য মিল দুই প্রধানে। মঙ্গলবার থেকে একই সঙ্গে প্রস্তুতি শুরু করলেন আন্তোনিয়ো লোপেস হাবাস এবং পানাজিয়োটিস দিমপেরিস।
সোমবার গভীর রাতে কলকাতায় পৌঁছন হাবাস। অথচ এ দিন বিকেলে নিউ টাউনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে তিনি যখন পৌঁছন, ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারই আসেননি! প্রায় ঘণ্টাখানেক টিম মিটিংয়ের পরে প্রস্তুতি শুরু করেন হাবাস। প্রথম ১০ মিনিট ফিজ়িক্যাল ট্রেনারের কাছে অনুশীলন করেন বিপিন সিংহরা। তার পরে আসরে নামেন হাবাস। ঘণ্টা দেড়েকের অনুশীলনে দেখে নেন রক্ষণ ও আক্রমণভাগের ফুটবলারদের। যদিও বিদেশি ফুটবলারেরা কেউ ছিলেন না। মঙ্গলবার গভীর রাতে কলকাতায় আসার কথা দানি রামিরেসের। মহম্মদ রশিদ আসতে পারেন বুধবার। প্রস্তুতি শেষ করে মাঠ ছাড়ার সময় ইস্টবেঙ্গল সমর্থকেরা জয়ধ্বনি দেওয়ার পাশাপাশি ডার্বি জয়ের আবদারও করলেন।
মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ পানাজিয়োটিস রবিবার সকালেই কলকাতায় চলে এসেছিলেন। যুবভারতীতে মঙ্গলবার বিকেল থেকে শুরু করলেন ডুরান্ড কাপের প্রস্তুতি। প্রথম দিনেই গ্রিক কোচ বুঝিয়ে দিলেন, কড়া হাতে দল পরিচালনা করবেন। অনুশীলনে কেউ ভুল করলে বা ব্যাক পাস দিলেই ক্ষোভ উগরে দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, আক্রমণাত্মক ফুটবলই তাঁর প্রধান অস্ত্র। মোহনবাগানের অনুশীলনেও কোনও বিদেশি ছিলেন না। নতুন স্ট্রাইকার দেয়ান দ্রাজ়িচের কলকাতায় আসার কথা বুধবার সকালে।