প্রতিপক্ষ দলের কোচ, কর্তাদের বিদ্রুপ করে বিতর্কে জড়ালেন নেমার। তাঁর এই আচরণের তীব্র সমালোচনা শুরু হয়েছে ব্রাজ়িলে। কয়েক দিন আগেই ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ না খেলে পোকার খেলতে গিয়ে সমালোচিত হয়েছিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার।
মঙ্গলবার কোপা দো ব্রাজ়িলের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রেমোর মুখোমুখি হয়েছিল স্যান্টোস। প্রথম লেগের ম্যাচ ড্র হওয়ার পর মঙ্গলবার স্যান্টোস ১-০ ব্যবধানে জিতে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছেছে। রেমোর ঘরের মাঠ বেনায়ো মঙ্গুইরাও স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে স্যান্টোস। ম্যাচের ৭৪ মিনিটে নেমারের পাস থেকে গোল করেন স্যান্টোসের স্ট্রাইকার রনি রুস্তিকো। উল্লেখ্য, দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন নেমার।
১০ জনের রেমোর বিরুদ্ধে জয়ের পর সাজঘরের ফেরার সময় হঠাৎই মেজাজ হারান নেমার। টানেলে ঢোকার সময় রেমোর সভাপতি, সমর্থক এবং কোচিং স্টাফদের বিদ্রুপ করতে শুরু করেন। চিৎকার করে বলতে থাকেন, ‘‘তোমরা হেরে গিয়েছ। তোমরা ছিটকে গিয়েছ।’’ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নেমারের এই আচরণ। তার পর সমালোচনা শুরু হয়েছে ব্রাজ়িলের প্রাক্তন অধিনায়কের। ব্রাজ়িলের একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ চলাকালীন রেমো সমর্থকদের একাংশ ক্রমাগত নানা ভাবে উত্ত্যক্ত করেন নেমারকে। মাঠে সংযত থাকার চেষ্টা করলেও জয়ের পর সাজঘরে ফেরার সময় মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। যদিও মাঠ ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশে নেমারকে চুমু ছুড়ে দিতে দেখা গিয়েছে। নেমারের সমালোচনা করেছেন রেমোর সভাপতি আন্তোনিয়ো কার্লোস তেসেইরা। তিনি নেমারকে অপদার্থ বলেছেন। তেসেইরা বলেছেন, ‘ও একটা জোকার। একজন পেশাদার ফুটবলারের এমন আচরণ মানায় না।’’ সমাজমাধ্যমে তাঁর এই আচরণের সমালোচনা করেছেন বহু মানুষ।
আরও পড়ুন:
কয়েক দিন আগে কোপা সুদামেরিকানায় স্যান্টোসের হয়ে একটি ম্যাচ না খেলে সাও পাওলোয় পোকার খেলতে গিয়েছিলেন নেমার। সমাজমাধ্যমে নিজেই সেই ছবি পোস্ট করেছিলেন। ম্যাচ না খেলে পোকার খেলতে যাওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন নেমার। সে বার স্যান্টোস কোচ কুকাকে পাশে পেয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজ়িলের সর্বোচ্চ গোলদাতা। তার পর আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন নেমার।